Ajker Patrika

কিংস নাকি ফর্টিস, অপরাজিত থাকবে কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিংস নাকি ফর্টিস, অপরাজিত থাকবে কে
অপরাজিত থাকার লড়াইয়ে আজ নামছে বসুন্ধরা কিংস। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ। দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। গাজীপুরে টেবিলের শীর্ষে থাকা পুলিশ এফসি খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। মুন্সিগঞ্জে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। চাঁদপুরে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ও আরামবাগ।

কিংস অ্যারেনার লড়াইটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে ফর্টিস। দুই দলই এখন পর্যন্ত লিগে অপরাজিত। শিরোপার দৌড়ে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না ফর্টিস কোচ মাসুদ কায়সার। তাঁর কথায়, ‘আমাদের লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে এই ম্যাচে জিততেই হবে। নাহলে হবে না। আমরা অনেক পিছিয়ে পড়ব।’

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী ফর্টিসকে অবশ্য নিজেদের মাঠে হারাতে চায় কিংস। লিগের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করার পর টানা তিন জয় পেয়েছে দলটি। সর্বশেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৪ গোল। কিংস কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে আশাবাদী। তবে চোটের কারণে এমেকা ওগবুহ পাচ্ছে না দলটি। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের ফেরার সম্ভাবনা আছে। ফর্টিসের অনন্ত তামাংও খেলতে পারবেন না। ম্যাচটি হতে পারে শুকি ইতোফুসার বিদায়ী ম্যাচ।

গাজীপুরে শীর্ষে থাকা পুলিশ এফসির সামনে ঢাকা আবাহনী। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পুলিশ এখনো অপরাজিত। জমাট রক্ষণ ও দ্রুত প্রতি-আক্রমণে তারা বেশ সফল। বিরতির আগে ছন্দে ফেরা আবাহনীর লক্ষ্য এই ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করা।

মুন্সিগঞ্জে চার ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া মোহামেডানের সামনে শীর্ষে ওঠার সুযোগ। তবে প্রতিপক্ষ রহমতগঞ্জকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বড় দলকে আটকে দেওয়ার অভিজ্ঞতা আছে পুরান ঢাকার ক্লাবটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত