
ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) একেবারে নতুন নন মেহেদী হাসান মিরাজ। ৯ বছর আগে একবার দল পেয়েছিলেন। কিন্তু সেবার ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক ম্যাচও খেলা হয়নি। এবার বাংলাদেশের অলরাউন্ডার দল পেয়ে কদিন আগেই উড়াল দিলেন ওয়েস্ট ইন্ডিজে। শিগগিরই তাঁর অভিষেক হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
মোহাম্মদ নবির পরিবর্তে মিরাজকে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় নবি খেলতে পারছেন না সিপিএলে। তবে ক্যারিবীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়ার আগে অসাধারণ অবদান রেখেছেন। সবশেষ গতকাল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি। ২১ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফগান অলরাউন্ডার। ঘূর্ণি জাদুতে ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
নবির প্রশংসায় পঞ্চমুখ গায়ানা অধিনায়ক ইমরান তাহির। একই সঙ্গে তাঁর জন্য খারাপও লাগছে তাহিরের। তবে দক্ষিণ আফ্রিকা স্পিনারের আশা, যে কেউ আফগান অলরাউন্ডারকে টপকে দলের জয়ে অবদান রাখতে পারে। সেন্ট কিটস এন্ড নেভিসের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর তাহির বলেন, ‘হয়তো এখন একটু পরপর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কিন্তু যে কেউ এসে নায়ক হতে পারে। এখন পর্যন্ত আমাদের দলের গল্পটা এমনই।’
সিপিএলে গায়ানার পরের ম্যাচ আগামীকাল সকালে। বাংলাদেশ সময় ভোর ৫টায় প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে গায়ানা-অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে শিগগিরই মিরাজের সিপিএল অভিষেকের ইঙ্গিত মিলেছে। তাহিরের কথাতেও যেন মিরাজের আগামীকালের খেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগস্টে অস্ট্রেলিয়া সফরে টেস্টে ফিফটির পাশাপাশি ঘূর্ণিজাদুতে নিয়েছেন ফাইফার। যদিও এবার সংস্করণ বদলে খেলতে হবে টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছেন গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে। ২০২৬ বিপিএলে ১২.৫ গড় ও ৯০.৯ স্ট্রাইকরেটে করেছেন ১০০ রান। বোলিংয়ে ৬ উইকেট নিলেও ৯ ইকোনমিতে বোলিং করেছেন।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবং চলমান সিপিএল—দুই প্রতিযোগিতা মিলিয়ে গায়ানা ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে। দলের সাফল্যে নবি অসামান্য অবদান রেখেছেন। ২০২৬ সিপিএলে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। তাঁর ওপরে আছেন ম্যাথু ফোর্ডে। সেন্ট লুসিয়া কিংসের এই পেসার নিয়েছেন ১৫ উইকেট। ৩ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৫০ রান। যার মধ্যে একটিতে ছিলেন অপরাজিত।
নবিকে কিংবদন্তি আখ্যা দিয়ে তাহির বলেন, ‘তিনি একজন অসাধারণ কিংবদন্তি। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার। এ কারণেই তাঁকে দলে নিয়েছিলাম। তিনি ব্যাটিং করতে পারেন। স্লিপে খুব ভালো ফিল্ডারও। যেভাবে বোলিং করেছে, তা অসাধারণ। জিএসএল থেকে শুরু করে এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছেন। আমরা সত্যিই তাঁকে খুব মিস করব।’
মিরাজকে ২০১৭ সালে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। মিরাজ যেমন নবির স্থলাভিষিক্ত হয়েছেন, তেমনি গায়ানার হয়ে খেলতে পারছেন না আরেক আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। তাঁর পরিবর্তে খেলবেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস।
গুরবাজ, নবি ব্যস্ত থাকবেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে হবে ভারত-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। ভারতে হলেও আয়োজক এসিবি। সিপিএল ছাড়ার আগে গায়ানার হয়ে ৫৪ ও ৩৯ রানের দুটি ইনিংস খেলেছেন গুরবাজ।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এ বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলেছেন। এর আগে ২০২৫ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স নিয়েছিল মিরাজকে। তাঁর দল চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু কোনো ম্যাচ খেলারই সুযোগ মেলেনি তাঁর।

আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
২১ মিনিট আগে
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রান করেও পরশু দুবাইয়ে প্রাণপণে লড়াই করে হেরে যায় বাংলাদেশ। হারের পর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ পেল আরেক দুঃসংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
২ ঘণ্টা আগে