তরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরা

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ সাব্বির রহমান খেলেছেন ২০২২ সালে। ঘরোয়া ক্রিকেটে খেললেও তেমন একটা নিয়মিত নন তিনি। বয়সও হয়ে গেছে ৩৪ বছর। জাতীয় দলে ফেরার সম্ভাবনা তেমন একটা নেই বললেই চলে। এই বুড়ো বয়সে তিনি সুযোগ পেলেন তরুণদের টুর্নামেন্টে।
রাইজিং স্টার্স এশিয়া কাপের দল আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সদস্যের প্রাথমিক দলে আছেন বুড়ো সাব্বিরও। বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১২৫ ম্যাচ খেলেছেন সাব্বির। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত করেছেন ২৭৯১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র সেঞ্চুরি তাঁর ওয়ানডেতে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
প্রাথমিক দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমানের পাশাপাশি আছেন জাতীয় দলের কয়েক জন ক্রিকেটারও। যাঁদের মধ্যে নাঈম এক টেস্ট, ৯ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন। সাব্বির-নাঈমের মতো পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, জাকির হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিপন মন্ডলদের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।
উদীয়মানদের টুর্নামেন্ট হলেও বিসিবি এখানে তুলনামূলক বুড়ো ক্রিকেটারদের রাইজিং স্টার্সদের টুর্নামেন্টে নিয়েছে বাংলাদেশ। যাঁদের মধ্যে ইয়াসির,সাইফউদ্দিনের বয়স ৩০ বছর। আফিফের বয়স ২৭ বছর এবং জাকিরের বয়স ২৮ বছর।
রিপন এবারও খেলছেন রাইজিং স্টার্স এশিয়া কাপে। গতবার তাঁর দুর্দান্ত বোলিংয়েই বাংলাদেশ ফাইনালে উঠেছিল। যদিও পাকিস্তানের কাছে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ।
১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে এবারের রাইজিং স্টার্স এশিয়া কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং। তারা পড়েছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। গতবার টি-টোয়েন্টি সংস্করণে হলেও এবার হবে ওয়ানডে সংস্করণে।
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ দল
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব









