Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০: ৪০
পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ
ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন আব্দুল্লাহ শফিক। ছবি: ক্রিকইনফো

তারুবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান হেরেছে ৯০ রানে। ভেন্যু বদলাতেই এবার বদলে গেল সফরকারীরা। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজ দলকে কিছুটা হলেও পরীক্ষায় ফেলেছে বাবরের পাকিস্তান। তবে কোচ রবি রামপলের মতে ক্যারিবীয়রা চাইলে দারুণ কিছু করতে পারত।

৫ উইকেটে ২৩৯ রানে গতকাল পোর্ট অব স্পেনে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের প্রথম ইনিংসের স্কোর এক পর্যায়ে ছিল ৬ উইকেটে ৩০৪ রান। ৩৫০ রান তখন সম্ভব মনে হচ্ছিল, যেখানে ৭০ রানে ব্যাটিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। তবে ক্যারিবীয় অধিনায়ক আর রান বাড়াতে পারেননি। ৪০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান এখন কেবল ৭৮ রানে পিছিয়ে। হাতে এখনো ৮ উইকেট বাকি বাবরের দলের।

দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং কোচ রামপল শিষ্যদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘পিচ দেখে যা বুঝেছি, তা সম্ভবত আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে। কিছুটা ফ্ল্যাটও হয়েছে। ফলে পেস বোলারদের জন্য আগের মতো সহায়তা ছিল না।’

ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের ছয়টিই তুলে নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। ঘূর্ণিজাদুতে সাজিদ খান নিয়েছেন ৪ উইকেট। বাঁহাতি স্পিনার আলী উসমান পেয়েছেন ২ উইকেট। অভিষিক্ত পেসার উবাইদ শাহ পেয়েছেন ২ উইকেট। আরেক পেসার মোহাম্মদ আলীও নিয়েছেন ২ উইকেট। এরপর পাকিস্তান প্রথম ইনিংসে ২ উইকেটে ২৬৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ক্যারিবীয় বোলিং কোচ রামপল বলেন, ‘স্পিনাররা কিছুটা সহায়তা পেয়েছে। কিন্তু সামগ্রিকভাবে আমাদের বোলিং ইউনিটের অসঙ্গতিই চোখে পড়েছে।’

পোর্ট অব স্পেনে পাকিস্তান তুলনামূলক ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ২০.৫ ওভারে ২ উইকেটে ৯৮ রানে পরিণত হয় সফরকারীরা। রানরেট ৪.৭০। ৫ ছুঁইছুঁই রানরেট ধরে রাখতে না পারলেও দ্বিতীয় দিনের খেলা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থেকে শেষ করেছে পাকিস্তান। দিনের খেলা শেষে বাবরের দলের রানরেট ৪-এর ওপরে (৪.০৩)। ৬৬ ওভারে ২৬৬ রান করেছে সফরকারীরা।

বোলিংটা আরও একটু ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন রামপল। দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ বলেন, ‘আমরা যখন বোলিং শুরু করেছিলাম, তখন যতটা ধারাবাহিক হওয়া দরকার ছিল, ততটা হতে পারিনি। পরে আবার যখন রান রেট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি, তখন আপনারা দেখেছেন ওই উইকেটে সেটা কতটা কঠিন ছিল। নিশ্চিতভাবেই, বোলিং ইউনিট হিসেবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।এ ধরনের কন্ডিশনে, যখন পিচ থেকে বিশেষ কোনো সহায়তা পাওয়া যায় না, তখন নিয়মিত একই জায়গায় বোলিং করলেই উইকেট পাওয়া যায়।’

এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিয়েছেন আব্দুল্লাহ শফিক। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ১০৭ রানে ব্যাটিং করছেন তিনি। ১৮৫ বলে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন। বাবর ১২৬ বলে ৮৬ রানে অপরাজিত। মেরেছেন ১০ চার ও ১ ছক্কা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত