Ajker Patrika

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯: ৪৫
আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র এক বছর পর গ্রহণ করায় ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ একটি ব্যাখ্যা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার বলে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।

সৈকতকে নিয়ে বিসিবি জানিয়েছে, এ বছরের এপ্রিলের পর চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার দায়িত্ব ক্রমশ বাড়ছে। তাতে করে বিসিবির হয়ে একই ভূমিকায় নিয়মিত দায়িত্ব পালনের সুযোগ কমে যেতে পারে দেখে এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে চুক্তি।

বিসিবির একজন চুক্তিবদ্ধ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সৈকত। তাঁর চুক্তির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ হয়। পরে সেটা বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। কিন্তু আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় মেজর টুর্নামেন্ট তো বটেই, বিদেশে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে তাঁর দায়িত্ব পালন করতে হয়। এসব বিবেচনায় নিয়েই বিসিবি আর চুক্তির মেয়াদ বাড়ায়নি।

এ বিষয়টিও উল্লেখযোগ্য যে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রচলিত রীতি নয়। এর প্রধান কারণ হলো, তাঁদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার সঙ্গে জাতীয় বোর্ডগুলোর সূচির সমন্বয় করা বেশ কঠিন। তবে বিসিবি প্রয়োজন অনুযায়ী এবং তাঁর প্রাপ্যতার ভিত্তিতে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি দেশের প্রথম শ্রেণির, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শরফুদ্দৌলাকে দায়িত্ব দিতে পারবে।

জানা যায়, আচরণবিধি ভঙের দায়ে মোহামেডানের ব্যাটার তাওহীদ হৃদয়ের প্রাপ্ত শাস্তি কমানোর প্রতিবাদে গত বছরের এপ্রিলে বিসিবির চুক্তি থেকে পদত্যাগ করেছিলেন আম্পায়ার সৈকত। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি তখন সৈকতের সেই পদত্যাগ গ্রহণ করেনি। কিন্তু হঠাৎই তাঁর এক বছর আগের পদত্যাগপত্র গ্রহণ করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি। গত বছর মোহামেডান ক্লাবের নেতৃত্বে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি তামিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত