Ajker Patrika

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাগেরহাট প্রতিনিধি
বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করছে তাঁর দল এনসিপি। তাঁর ভাষ্য, সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার ৭৫ শতাংশ মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতনধ্বনি বাজতেও সময় লাগবে না।’

আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে—সংস্কার, বিচার ও স্বাধীন পররাষ্ট্রনীতি। সংস্কারের মাধ্যমে বাংলাদেশের আমূল পরিবর্তন আনাই দলের অন্যতম লক্ষ্য।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল, শেয়ার মার্কেট শূন্য করেছিল—তাদের আইনের আওতায় আনতে এনসিপি মানুষের কাছে যাচ্ছে এবং কাজ করছে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘ভারত থেকে পুশ ইনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ পরিচয়ে আমাদের দেশে পাঠানোর জন্য স্টেটমেন্ট দিয়েছে।’ নতজানু পররাষ্ট্রনীতি থেকে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেতে এনসিপি কাজ করছে বলেও জানান তিনি।

বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। শেখ পরিবার রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে। কিন্তু উন্নয়নের নামে কিছু হয়নি। বাগেরহাট থেকে শেখ পরিবারকে উচ্ছেদের জন্য তিনি বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সেখান থেকে এলাকার ও দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হবে এবং মুসলিমদের গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের চর্চা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, আল আমিন, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতা-কর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ.)-এর কবর জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তিনি বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে যান। সেখানে মসজিদের পশ্চিম পাশে ঘোড়া দিঘির দক্ষিণ পাড়ে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে নেতা-কর্মীদের নিয়ে ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

শেষে আগামীকাল শনিবার সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত