
রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে শিক্ষা, চিকিৎসা, সরকারি দপ্তর ও কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণ জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে ‘সবার জন্য বাসযোগ্য, মানবিক ও নিরাপদ ঢাকা চাই’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার কাছাকাছি মানের হলেও আরও কয়েকটি সিটি করতে হবে। না হয় ঢাকা বাঁচবে না। মানে ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে শিক্ষা, চিকিৎসা, সরকারি দপ্তর ও কর্মসংস্থানের বিকেন্দ্রীকরণ করতে হবে।
সিপিবির এ সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘২৬ বছর আগে একটা আন্দোলন করেছিলাম—‘‘অচল ঢাকাকে সচল করো’’। এখনো এই আন্দোলন করলে আমার মনে হচ্ছে ভুল হবে না। ”
প্রিন্স বলেন, ‘ঢাকা শহরে এত মানুষ কেন আসছে? ১৮ কোটি মানুষ যদি আসে, তাহলে সবাইকে নিয়েই কি সাজাব? এটা অবাস্তব ধারণা। শিক্ষা-চিকিৎসার জন্য যেমন মিডল ক্লাস মানুষ ঢাকায় আসে, তেমনি গ্রামের অসম উন্নয়ন, নদীভাঙন, কর্মহীন মানুষ বেশি ঢাকায় আসে।’ যেকোনো উন্নয়নকে দুটি প্রভাব দেখে বিবেচনা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘একটি হচ্ছে সামাজিক প্রভাব, আরেকটি হচ্ছে পরিবেশগত প্রভাব। এই দুটি ছাড়া সেই উন্নয়ন জনকল্যাণমুখী হবে না। আমি আশা করি, ঢাকা হবে একটি নিরাপদ ও সমতাভিত্তিক শহর।’
ভূমিকম্প বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘আমার আগের চারটি জেনারেশন বড় ভূমিকম্প দেখেনি। কিন্তু ভূমিকম্প বাংলাদেশে হবেই। তখন বিল্ডিংগুলো দাঁড়িয়ে থাকতে পারবে কি না, এটা একটা বড় প্রশ্ন। ডিজাইন অনুযায়ী ড্রয়িং-ডাইনিং হচ্ছে না। ঢাকায় ২৪ লাখের ওপরে বিল্ডিং হয়েছে। কেউই বলতে পারবে না একটি বিল্ডিং রাজউকের প্ল্যান অনুযায়ী বাস্তবায়ন হয়েছে।’
এ বিশেষজ্ঞ বলেন, ‘বিল্ডিংয়ের ডিজাইন থাকে এক রকম, করা হয় আরেক রকম। কোনো কিছুই মেনটেইন করা হচ্ছে না। একবার পুরান ঢাকায় কাজ করতে গিয়ে সেখানের ওয়ার্ড কমিশনারের হেল্প পাইনি, নামের তালিকা দেয়নি। উনার নাকি ভোটে জিততে হবে, তালিকা দিলে ভোট পাবে ন। এরপরও কিছু তালিকা বের করে কাজ করতে গিয়ে দেখি, কেউ এমপি বা মন্ত্রীর লোক।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া ফারজানা বলেন, ‘আমাদের শহরগুলোতে ট্রাফিক একটা বড় সমস্যা, কিন্তু আমরা কখনো ট্রাফিক ম্যানেজমেন্টে নজর না দিয়ে শুধু উন্নয়নের দিকেই নজর দিই। কারণ, উন্নয়ন মানেই তো কারও কারও লাভ। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কখনো সমস্যার সমাধান হয় না।’
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সেমিনার পেপার উত্থাপন করেন উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, চরচার সম্পাদক সোহরাব হাসান ও বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত নেভি কমোডর বিপন কুমার সাহা।
সেমিনারে বক্তারা বলেন, ফিটনেসবিহীন যানবাহন, নির্মাণকাজের ধুলা ও অতিরিক্ত হর্ন নাগরিক জীবনে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
এ সময় সমন্বিত নগর পরিকল্পনা, কার্যকর গণপরিবহনব্যবস্থা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও খেলার মাঠ সংরক্ষণের কার্যকর প্রস্তুতি নেওয়ার দাবি জানানো হয়।

‘একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ সন্তানের একজনকে স্বীকার, অন্যজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না।’
১০ মিনিট আগে
শপথ গ্রহণের পূর্বে পদত্যাগ করার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। তবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদে ছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন, তাই তিনি নিজ দায়িত্ববোধ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ও পদত্যাগ করেন...
১ ঘণ্টা আগে
সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে। আর ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি...
২ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘ঢাকায় যদি ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশ সরকার বলে, ‘‘এর দায় আমাদের নয়, আমরা জানি না কীভাবে হয়েছে’’—পৃথিবীর কেউ কি সেটা বিশ্বাস করবে? দিল্লিতে যে সংবাদ সম্মেলন হয়েছে, সেটিও ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই হয়েছে।’
২১ ঘণ্টা আগে