
জ্বালানি তেলের সংকট ইস্যুতে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হইচইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিলে সরকারি দলের সংসদ সদস্যরা আপত্তি জানান এবং হইচই শুরু করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানান। পরে এ কারণে সরকারি দলের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রুমিন ফারহানা বলেন, ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হইলো। কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। কিন্তু সরকারের সে ব্যাপারে কোনো হেলদোল নাই।’
রুমিন বলেন, ‘মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তাঁরা অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। কিন্তু মাননীয় স্পিকার, যখন তেল নিতে যায়, তখন দেখা যায় তিন কিলোমিটার লম্বা লাইন।’
এই সংসদ সদস্য বলেন, ‘সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেটপ্লেস ৭টা বাজে বন্ধ করে দেওয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার। তবে মনে রাখতে হবে, কেনাকাটা বা শপিং যেটুকু হয়, সেটুকু সন্ধ্যার পরেই হয়। তার আগে হয় না। দুই হলো, অফিস-আদালতের সময় বলে পরিবর্তন করবে। পাঁচ দিনের জায়গায় চার দিন বা তিন দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই-বা কেন? দামই বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচির সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার।’
স্পিকারের উদ্দেশে রুমিন বলেন, ‘আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানিমন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয়, বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। উনারা যদি পরিষ্কার করে বলেন—বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন-ডিজেলের মজুত আছে, কত দিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না।’
রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের এমপিরা হইচই করতে থাকেন। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা রুমিন ফারহানার পক্ষে অবস্থান নেন।
তখন স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ।’
এ পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যাঁরা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। আমরা সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলব, কোনো সংসদ সদস্য যখন দাঁড়িয়ে কোনো কথা বলবেন, তা নিয়ন্ত্রণ অথবা তাঁকে অ্যালাও করার একক এখতিয়ার হচ্ছে স্পিকারের।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আজকে লক্ষ করলাম যে, একজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন, যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এ-ও লক্ষ করলাম, একবার-দুইবার নয়, চারবার-পাঁচবার নির্বাচিত হয়ে সংসদে যাঁরা এসেছেন, তাঁদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাঁদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না।’ তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিন্দা জানান।
এর আগে নোটিশের আলোচনায় গাজীপুর–৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেন, ‘এখন আমাদের বিশেষ করে গাজীপুরের কাপাসিয়ায় ১০–১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়। সেখানে চিকিৎসাব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা হায় হায় করছে। বিদ্যুতের সংকটের কারণে চতুর্দিকে যে অবস্থা চলছে, এটা উত্তরণে আশু ব্যবস্থা না নিলে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।’
এই সংসদ সদস্য বলেন, সংসদের বিভিন্ন পণ্য ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে নজরে এসেছে। অতীতেও এমন দুর্নীতি হয়েছে। এটা যেন বন্ধ হয়, সে জন্য উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া...
১১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মেট্রোস্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।’
১২ ঘণ্টা আগে
সারজিস আলম বলেন, ধোবাউড়ায় বালু লুটপাট করা হচ্ছে। আর কারা করছে তা সবাই জানেন। তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছিল, আপনারা যদি একই পথে হাঁটেন, তাহলে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে।’
১৩ ঘণ্টা আগে