Ajker Patrika

দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগের অভিযোগ জাতীয় কৃষক শক্তির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২০: ৪৮
দলীয় বিবেচনায় সারের ডিলার নিয়োগের অভিযোগ জাতীয় কৃষক শক্তির

সারা দেশে সদ্য ঘোষিত সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণের অভিযোগ তুলে প্রকাশিত তালিকা বাতিলের দাবি জানিয়েছে ‘জাতীয় কৃষক শক্তি’। অভিজ্ঞ ও প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় লোকদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে সংগঠনটি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল এবং সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম এই দাবি জানান।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সার কোনো সাধারণ বাণিজ্য পণ্য নয়; এটি কৃষি উৎপাদনের প্রাণ এবং দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এই সরবরাহব্যবস্থা যখন যোগ্যতা, অভিজ্ঞতা ও বাজার দক্ষতার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে সাজানো হয়, তখন তার চরম মূল্য দিতে হয় সাধারণ কৃষককে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, চড়া দাম ও ভেজাল সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা এসব ডিলারদের জবাবদিহির আওতায় আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও তারা শঙ্কা প্রকাশ করেন।

সংগঠনটি মনে করে, এই ধরনের দলীয় নিয়োগ প্রকৃত ব্যবসায়ীদের প্রতি চরম অবিচার এবং তা মুক্ত বাজার অর্থনীতির নীতি ও ন্যায্যতার পুরোপুরি পরিপন্থী।

বিবৃতিতে সরকারের কাছে জাতীয় কৃষক শক্তির ৫ দফা দাবি তুলে ধরা হয়:

১. দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলার নিয়োগ অবিলম্বে বাতিল করা।

২. স্বচ্ছ, উন্মুক্ত ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগ দেওয়া।

৩. নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে প্রকাশ করা।

৪. সার সরবরাহে কৃত্রিম সংকট ও কারসাজি রোধে কার্যকর তদারকি নিশ্চিত করা।

৫. সরকারের নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করা।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কৃষকের স্বার্থ কোনোভাবেই দলীয় স্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। অবিলম্বে এই দাবি মানা না হলে জাতীয় কৃষক শক্তি কৃষকদের সঙ্গে নিয়ে কঠোর মাঠপর্যায়ের কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত