প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার
• ইসির সংলাপেও জোটবদ্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত
• কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান

চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান করা সংলাপে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সব দল একসঙ্গেই যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আহ্বান করা সংলাপেও জোটবদ্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক-পরবর্তী এক ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেওয়া প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে—আমরা ১১ দলীয় জোট জোটবদ্ধভাবেই এই সংলাপে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দিয়েছে সব দলকে। আমরা সেখানেও ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে অংশ নেব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণের বিষয়ে জানতে চাইলে পরওয়ার বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। দিনক্ষণ হলে আমরা জানাব।’
সংলাপের আমন্ত্রণ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘সংলাপের সূচনা তো আমরাই করেছি, দাওয়াত এখানে কোনো মুখ্য বিষয় না। খুব শিগগির দিনক্ষণ ঠিক হবে।’ তিনি জানান, বিরোধীদলীয় নেতা বিদেশ সফরে ছিলেন বলে দিনক্ষণ ঠিক হয়নি।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে আহ্বান জানানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, ‘এ ব্যাপারে তো আমাদের বিরোধীদলীয় নেতা পার্লামেন্টে বলেছেন, যেদিন উনারা চা খাওয়া উপলক্ষে কথা বলেছেন—সেখানেও বলেছেন, জুলাই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় মানলে এই জাতীয় ঐক্যের জন্য আর ডাক দেওয়া লাগবে না।’
শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের আগ্রহ ও তাঁকে দেশে ফেরানোর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন পরওয়ার। তিনি বলেন, ভারত একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সহায়তা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এটার আমরা তীব্র নিন্দা জানাই।’











