Ajker Patrika

চূড়ান্ত ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ৩৭
চূড়ান্ত ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব: জামায়াত আমির
শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

চূড়ান্ত ফল ঘোষণার পর জোটের শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কিছু আসনে ফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তিনি, তাও জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইতিবাচক ধারার রাজনীতি করবেন তাঁরা।

জোটের শরিক দলের নেতাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, দেশবাসী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন, তার জন্য আমরা তাঁদের অভিনন্দন জানাই। আমরা আশা করছি সরকার দ্রুত তার অফিশিয়াল ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা আবার আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেব। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি, কল্যাণ ধারার রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, দেশের জন্য রাজনীতি। আমরা বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি করব না।

কোরআর শরিফের একটি আয়াত পাঠ করে তার বাংলা অনুবাদ তুলে ধরে জামায়াতের আমির বলেন, ‘তোমরা ভালো কাজের সহযোগিতা করো, আর কাজটি যদি মন্দ ও অকল্যাণকর হয় তোমরা তার বিরোধিতা করো অথবা সহযোগিতা থেকে বিরত থাকো।’ আমাদের মূলনীতি হলো ভালো কাজের সহযোগিতা করা; অধিকার রক্ষার জন্য আমাদের কথা বলতে হবে। আমরা আশা করছি বিস্তারিত বিষয়গুলো কাল-পরশুর মধ্যে পেয়ে যাব। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, তারা ফল দেবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি, তারা দেয় কি না।

শফিকুর রহমান বলেন, কিছু আসনে ফল ঘোষণা করতে দেরি হচ্ছে। এর মধ্যে ঢাকা-৮ আসন। এ বিষয়গুলো কিন্তু সুষ্ঠু ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি। এ বিষয়গুলো আমরা বিবেচনায় নেব। জাতিকে আমরা যা জানানোর দরকার মনে করব, তা জানাব। যাতে ভবিষ্যতে মন্দকাজের চর্চার ধারাবাহিকতা না থাকে।

জামায়াত কতটি আসনে জয়ের খবর পেয়েছে, সেই প্রশ্নে শফিকুর রহমান বলেন, কয়টি আসনে জয়ের খবর পেয়েছি তার সঠিক উত্তর নেই। কারণ বেশ কয়েকটি আসনের ফল ঝুলিয়ে রাখা হয়েছে। বলেছিল, সই করা শিট এসেছিল, সেখানে আমরা এগিয়ে আছি। এরপর বলছে পোস্টাল মিলিয়ে দেখতে হবে, এই আছে, সেই আছে। এই-ওইটা কি আমরা বুঝতে পারছি না। এই-ওই এর বাইরে এসে আমাদের মেসেজ দিলে আমরা আমাদের অবস্থান জানান।

কারচুপির আশঙ্কা বা ইঞ্জিনিয়ারিং দেখতে পারছেন কি না— এ প্রশ্নে জামায়াতের আমির বলেন, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা আপনাদের কোনো কিছু বলতে চাচ্ছি না। সবকিছু যখন ফাইনাল এসে যাবে, তখন ১১ দল মিলে বসে কম্পাইল করে জানাব।

ফল মেনে নেবেন কি না— এ প্রশ্নে শফিকুর রহমান ইতিবাচক ধারার রাজনীতি করার কথা বলেন। ফল গণনায় দেরির জন্য কারা দায়ী তা পরীক্ষা করে দেখার কথাও জানান তিনি।

জামায়াতের ফেসবুক পেজে দলটির নির্বাচিত প্রার্থীদের তথ্য তুলে ধরার বিষয়ে এক প্রশ্নে শফিকুর বলেন, ফেসবুক পেজে আমরা যা পেয়েছি তা দিয়েছি, এটাকে চূড়ান্ত বলা যাবে না। অফিশিয়াল ফল ঘোষণা করা হয়নি। বেসরকারিভাবে প্রাথমিক ফল ঘোষণা করা হচ্ছে। কেন্দ্র থেকে যে তথ্য আসছে, সে অনুযায়ী আমরা বলছি।

ফল ঘোষণার পর অভিযোগ তুললে লাভ হবে কি না, এ প্রশ্নে শফিকুর বলেন, লাভ-লসের ব্যাপার। আমরা তো চিত্রটা তুলে ধরব। তখন কিন্তু উনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না। ...আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক সঠিকভাবে যেন আমাদের সামনে আসে।

জামায়াতের আমির জানান, ফল ঘোষণা নিয়ে তাঁরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ফলাফলের শিট হাতে আসার পরেও কেন দিচ্ছে না, আমরা এর সমাধন চাই। ইনশা-আল্লাহ আমাদের মুখে হাসি দেখবেন। আপনাদের (সাংবাদিক) মুখেও যেন হাসি থাকে।

মামুনুল হক, নাহিদ ইসলামসহ জোটশরিক দলের বেশ কয়েকজন নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত