Ajker Patrika

সরকার চালের দাম কমিয়ে খাওয়ার সুযোগ দিলে বলব—খেয়েছি: সৈয়দ নুরুল ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১: ৫২
সরকার চালের দাম কমিয়ে খাওয়ার সুযোগ দিলে বলব—খেয়েছি: সৈয়দ নুরুল ইসলাম
জাতীয় প্রেসক্লাবে আজ রোববার ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের যুগপৎ আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান ও রক্তাক্ত জুলাই-আগস্ট স্মরণ’ শীর্ষক আলোচনা সভা করে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি: আজকের পত্রিকা

চাল, ডাল, তেলসহ সব নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। জোটের সমন্বয়ক সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, ‘দিন দিন নিত্যপণ্যের দাম বাড়ছে। বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। যদি এই সরকার চালের দাম কমিয়ে আমাদের খাওয়ার সুযোগ করে দেয়, তাহলে বলব—খেয়েছি; আর যদি দাম না কমায় এবং চালের দাম বর্তমান অবস্থায় রাখে, তাহলে বলব—খাইনি। মিথ্যা কথা বলা যাবে না।’

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের যুগপৎ আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান ও রক্তাক্ত জুলাই-আগস্ট স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানায় মোর্চা সংগঠনটি।

সভার সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আবার প্রয়োজন হলে এই সরকারের বিরুদ্ধেও লড়াই করব। চাল, ডাল ও তেলের দাম কমাতে হবে—আজকের সভা থেকে আমরা এ দাবি জানাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে কোনো আপস হবে না।’

জোট সমন্বয়ক নুরুল ইসলাম আরও বলেন, ‘আজ এই আলোচনা সভা থেকে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতি দৃষ্টি দিন। আপনি বলেছিলেন—একটি দলও যদি যুগপৎ আন্দোলন করে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাজপথ থেকে ভিপি নুরকে নিয়েছেন, জুলাই আন্দোলন থেকেও প্রতিনিধি নিয়েছেন। কিন্তু শুধু এই দুজনকে নিলেই জাতীয় সরকার হয় না।’

নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সমমনা দলগুলো মনে করে না যে, এটি জাতীয় সরকার হয়েছে। আপনি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। কীভাবে করবেন, সেটি আপনাদের বিষয়। কীভাবে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন, সেটিও আপনাদের ব্যাপার। তবে আমি মনে করি, আপনারা অবশ্যই সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। নতুন সরকারের বিরুদ্ধে কথা বলা ঠিক নয়। তবে প্রথম শর্তেই তারা ভুল করেছে—জাতীয় সরকার গঠন হয়নি।’

জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আর আমরা, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আজ জুলাইয়ের কৃতিত্ব নিয়ে অনেকের নানা বক্তব্য শোনা যায়। প্রকৃতপক্ষে, জুলাইয়ের এই সফলতা কোনো একক ব্যক্তি বা দলের নয়। এটি ছিল জাতীয়তাবাদী শক্তিসহ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

এ সময় উপস্থিত ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরি, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব রেজোয়ান মোস্তফা ও এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত