Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৬: ০০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত হয় গণতান্ত্রিক ছাত্র জোটের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামী ১১ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে প্রগতিশীল বামপন্থী শিক্ষার্থীদের জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবের আহমেদ জুবেল। তিনি বলেন, ‘চুক্তি বাতিলের দাবিতে আগামী ১১ মে বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা হবে।’

সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী এবং দেশপ্রেমিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং গণসংযোগে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

জাবের আহমেদ জুবেল বলেন, এই ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তির ফলে বাংলাদেশের কৃষি খাত, স্থানীয় শিল্প, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শর্ত অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে পণ্য কিনতে হবে। এ ছাড়া প্রায় ৬ হাজার ৭১০টি মার্কিন পণ্য বিনা শুল্কে আমদানির সুযোগ দেওয়ায় দেশীয় উদ্যোক্তারা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন এবং স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে।

জাবের আহমেদ আরও বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় বা অন্য দেশের সঙ্গে দ্বন্দ্বে জড়ায়, তবে বাংলাদেশকে তাদের পরিপূরক নীতি গ্রহণ করতে হবে। এমনকি চীন বা রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে জ্বালানি বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের শর্ত বা শাস্তিমূলক শুল্কের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এটি মূলত বাংলাদেশকে মার্কিন ভূরাজনৈতিক প্রকল্পের ‘ফাঁদে’ ফেলার একটি প্রচেষ্টা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহসভপতি নাঈম উদ্দীন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমর চাকমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

আমিরাতের ‘ওপেক’ ত্যাগ একটি বড় ঘটনা: বিবিসি

একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত