
এবার মার্কিন পাসপোর্টে ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে সীমিতসংখ্যায় এই পাসপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন এর বিতরণ শুরু হবে। যত দিন মজুত থাকবে, তত দিন এই সুবিধা চালু থাকবে।
এই বিশেষ পাসপোর্ট শুধু ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকেই পাওয়া যাবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তথা পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নকশায় দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের একটি ছবি থাকবে, যার চারপাশে থাকবে স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা এবং আমেরিকার পতাকা। পাশাপাশি থাকবে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষর।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দেশপ্রেমিক পাসপোর্ট নকশা আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকীর জাঁকজমকপূর্ণ উদ্যাপনে অংশ নেওয়ার আরেকটি দারুণ সুযোগ করে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ইউএফসি-২৫০ ফাইট, গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার, ফ্রিডম-২৫০ গ্র্যান্ড প্রিক্স এবং আমাদের স্বাধীনতা উদ্যাপন করা এই নতুন পাসপোর্ট—সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ঐতিহাসিক সেমিকুইনসেন্টেনিয়াল উদ্যাপনের সময়ে জাতীয় গর্ব ও দেশপ্রেম পুনরুজ্জীবনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’
বর্তমান মার্কিন পাসপোর্টে দেশের ইতিহাসের বিভিন্ন দৃশ্য, যেমন—চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় প্রতীক তুলে ধরা হয়। তবে নাগরিকরা চাইলে এই বিশেষ সংস্করণটি এড়িয়ে যেতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এই স্মারক পাসপোর্টটি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি, যার মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মসূচি ও স্থাপনার সঙ্গে ট্রাম্পের নাম ও প্রতিকৃতি যুক্ত করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন টাকশাল ইউএস মিন্ট ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি-সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মার্কিন ব্যাংকনোটে নিজের স্বাক্ষর যুক্ত করা প্রথম প্রেসিডেন্টও হতে যাচ্ছেন তিনি।
এর আগে, এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক দ্য ট্রাম্প’ নামে স্বর্ণখচিত একটি বিশাল বিজয় তোরণের পরিকল্পনা প্রকাশ করে। ওয়াশিংটন ডিসিতে ২৫০ ফুট (৭৬ মিটার) উচ্চতার এই স্থাপনার প্রাথমিক অনুমোদন দিয়েছে একটি ফেডারেল প্যানেল। তবে সাধারণ জনগণ ও ঐতিহ্য সংরক্ষণবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্প হোয়াইট হাউসেও স্থায়ী পরিবর্তন এনেছেন। একটি বলরুম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে ভবনটির পূর্বাংশ (ইস্ট উইং) ভেঙে ফেলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
৮ মিনিট আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৬ ঘণ্টা আগে