নকআউট পর্বের খেলা তো এমনই হওয়ার কথা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচগুলো হচ্ছে জমজমাট। গত রাতে শেষ বত্রিশের ম্যাচে ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ড। ৭৫ থেকে ৮৬—আটলান্টায় এই ১১ মিনিটের মধ্যে জোড়া গোলে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। রাতে সিয়াটলে বেলজিয়াম-সেনেগাল ম্যাচ হয়েছে আরও অসাধারণ। ৩-২ গোলের জয়ে বেলজিয়াম উঠেছে শেষ ষোলোতে। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্স ১২০ মিনিটের পর ৫ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে দলকে এনে দিয়েছেন জয়। আর আজ সকালে সান ফ্রান্সিসকোতে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে শেষ ষোলো।







