বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এবং বিভিন্ন বেড়িবাঁধে বন বিভাগের আওতায় রোপণ করা সামাজিক বনায়নের হাজার হাজার গাছ কেটে প্রভাবশালীরা ঘর, দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করছে। আর এসব দখলদারি করতে পারছে পাউবোর পিয়ন মামুনের মাধ্যমে। তিনি ৩৫ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন এর জন্য। শুধু তা-ই নয়, পাউবোর জায়গা দখল করে নতুন নতুন বাজারও সৃষ্টি করা হচ্ছে।
মামুনের মতো লোক কোন ক্ষমতাবলে এ ধরনের অপকর্ম করতে পারছেন, তা এক রহস্য বটে। এলাকার প্রভাবশালীরাই নাকি তাঁকে ‘ম্যানেজ’ করে ছোট-বড় নানা স্থাপনা গড়ে তুলছেন। পাথরঘাটা বন বিভাগের সদর বিট কর্মকর্তা মো. আবদুল হাই বলেছেন, তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেই বিষয়টি জানিয়েছেন। অথচ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান দাবি করছেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
সরকারি অফিসের একজন পিয়নের অপকর্মে আজ ধ্বংসের পথে সামাজিক বনায়নের হাজার হাজার গাছ। সেখানকার বড় কর্মকর্তারা তাহলে কী করেন? একজন পিয়ন কী করে এ ধরনের অপকর্ম করার সুযোগ পান? কীভাবে এত বেপরোয়া হয়ে উঠতে পারেন? এক দিনে নিশ্চয় সেই পিয়ন বেপরোয়া হয়ে ওঠেননি। দীর্ঘদিন ধরে তিনি এমন হীন কাজটি করে গেলেও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি।
আমাদের সমাজে এখনো যে সাধারণ জনগণ সচেতন নয়, সেটা এ ঘটনায় প্রমাণিত হয়। সামাজিক বনায়ন তো করা হয়েছে ওই এলাকাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য। সেটা ধ্বংস করা মানেই তো এলাকাবাসীর ক্ষতি। তাঁদের মধ্যে এই সচেতনতা বোধ কাজ করলে তাঁরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে পারতেন না। সেই সচেতনতা না থাকার কারণেই এলাকার প্রভাবশালীরা শুধু নিজের স্বার্থে পাউবোর জমি এবং বন ধ্বংস করে ঘর ও বহুতল ভবন নির্মাণ করতে পারছেন। বাকি সাধারণ জনগণের তো এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার কথা ছিল; কিন্তু তা হয়নি। সমাজের অধিকাংশ মানুষের মধ্যে যদি নিজের ভালোমন্দ বোঝার ক্ষমতা তৈরি হতো, তাহলে তাঁরা এ ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেন। এসব কারণে স্থানীয় প্রভাবশালীরা বেপরোয়া হয়ে উঠতে পারে সহজে।
শুধু আমাদের দেশেই কেন সরকারি বিভিন্ন দপ্তরের পিয়নরা এত ক্ষমতাশালী হতে পারেন, তার জন্য গবেষণা হওয়া দরকার। বিভিন্ন সময় দেখা গেছি, সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন থেকে শুরু করে পিএসসির পিয়ন পর্যন্ত শতকোটি টাকার মালিক হওয়ার খবর। আরও এমন কত পিয়ন যে আছে, তা আমাদের জানার বাইরে।
সরকারি জমি এবং সামাজিক বনায়ন রক্ষা করার জন্য মামুনের মতো লোকদের এখনই আইনের আওতায় আনা দরকার। একই সঙ্গে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে। তাঁদের আশকারা না থাকলে একজন পিয়ন এ ধরনের ক্ষমতাবান কোনোভাবে হতে পারে না।

মানুষ সংঘবদ্ধভাবে নানা লড়াই ও সংগ্রামের পর একটি রাষ্ট্র নির্মাণ করে। একটি সীমানার মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশা ও আয়ের মানুষ তাদের প্রয়োজনমতো জীবিকার নিশ্চয়তা চায়। মানুষ ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানায়। রাষ্ট্র পরিচালনায় থাকে একটি সরকার, যারা সাধারণত জনগণের ভোটেই নির্বাচিত হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ আবারও একটি নতুন বাজেট ঘোষণার দ্বারপ্রান্তে। কিন্তু এবারের বাস্তবতা আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, প্রযুক্তিগত পরিবর্তন এবং শিক্ষার রূপান্তরমুখী চাহিদা ইত্যাদি—সব মিলিয়ে শিক্ষা খাত এখন একটি সংকটময় এবং একই সঙ্গে সম্ভাবনাময় পর্যায়ে দাঁড়িয়ে।
২ ঘণ্টা আগে
হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় পানিতে জমি তলিয়ে যাওয়ার কারণে কৃষকেরা ধান ঘরে তুলতে পারছেন না। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির অনেক জায়গায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়ির নয়টি উপজেলার কয়েক লাখ মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ।
১ দিন আগে
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলই এখন আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিজেপি এ রকম ভূমিধস বিজয় পাবে, তা সম্ভবত বিজেপি দলটিও ভাবেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? তৃণমূল কংগ্রেস যেন বানের জলে ভেসে গেছে। নির্বাচনের আগে অনেকেই ভেবেছিলেন, বাম দলগুলোর প্রতি জনগণের সমর্থন বাড়বে...
১ দিন আগে