মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণ করতে কত সময় লাগা উচিত? এ প্রশ্নের নানা রকম উত্তর হতে পারে, কিন্তু তা কখনোই আড়াই বছর হতে পারে না। ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামের কাছে প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণের জন্য। কাজটি পেয়েছিল মোল্লা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু করার পরও এত দিনে কেন সড়কটির কাজ শেষ হলো না, তার উত্তর খোঁজা দরকার।
এই সম্পাদকীয়তে ‘হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা’ ধরনের উপদেশ বা পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না। বাংলাদেশের সরকারি কাজগুলোর দিকে তাকালে দেখা যায়, লুটেপুটে খাওয়ার এ রকম আদর্শ ক্ষেত্র চাইলেও সব জায়গায় পাওয়া যাবে না। সরকারি কাজ মানেই বেশির ভাগ ক্ষেত্রে নির্ধারিত ব্যয়ের অনেকটাই ‘মেরে’ দিয়ে দায়সারাভাবে কাজটি সম্পন্ন করে পকেট ভারী করার ফন্দিফিকির। দীর্ঘদিন ধরেই এই ঐতিহ্য চলে আসছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও কীভাবে যেন কাজ পেয়ে যায়। বলা হয়ে থাকে, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সংস্পর্শে না এলে কাজ পাওয়া দুষ্কর। টাকার ভাগ-বাঁটোয়ারা কীভাবে হয়, কে কে সেই ভাগ পান, সে তথ্য নিয়েও বহু রসাল গল্প বাতাসে ভেসে বেড়ায়। রাজনীতির মাঠটি কলুষিত করার পেছনে এ ধরনের অনেক ঘটনাই থাকে। আমরা তো যেনতেনভাবে কাজ গছিয়ে দেওয়ার কথা বললাম। কিন্তু কাজটি না করে ফেলে রাখলে সে বিষয়টিকে কীভাবে দেখতে হবে? শুধু কি তাই? কাজ শুরু করার সময় সড়ক খনন করে ফেলে রাখা হয়েছিল। প্রকৃতির নিয়মে বর্ষাকাল এলে খনন করে ফেলে রাখা রাস্তাটি হয়েছিল দেখার মতো। পানি জমে মানুষের চলাচলে তা তৈরি করেছিল প্রতিবন্ধকতা। এরপর সেই অন্য়ায় ঢাকার চেষ্টা না করেই নিম্নমানের বালুমিশ্রিত খোয়া এনে সড়কে ফেলতে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় জনগণ তাতে বাধা দিলে কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।
এ কেমন কথা? জনস্বার্থে যে রাস্তা নির্মিত হওয়ার কথা, তা নিয়ে এত কাণ্ড করার সাহস কী করে পায় ঠিকাদারি প্রতিষ্ঠান? আদমদীঘি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে বলা হয়েছে, ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাস্তার কাজ শেষ করা হবে। তা না হয় হলো। কিন্তু এতগুলো দিন যে স্থানীয় জনগণকে ভোগান্তির মধ্যে রাখা হলো, তার বিচার কে করবে? আদমদীঘির ৫০০ মিটার না হয় নির্মিত হয়ে যাবে, কিন্তু এ রকম অবহেলার শিকার জনগণ আর কোথায় কোথায় আছে, সেটা কি জানা আছে আমাদের? জবাবদিহি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নাকে তেল দিয়ে ঘুমালেও কিছুই করার নেই।
জনগণের সেবা করবে বলে রাজনৈতিক দলগুলো ক্ষমতা হাতে নেয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জনগণ কেমন আছে, সে খবর নেওয়া না হলে আদমদীঘির ৫০০ মিটারের মতো জনজীবনও অরাজকতার শিকার হতে পারে, সে কথা বোঝা দরকার।

আমি একসময় মিরপুর এলাকায় থাকতাম। সেটা আমার পেশাগত জীবনের শুরুর দিকের কথা। তখন রিপোর্টার ছিলাম। বয়সও কম। যেকোনো বিষয় নিয়েই কৌতূহল, বিস্তারিত জানারও ইচ্ছা হতো। মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলীর মাজার নিয়ে একবার আগ্রহ জন্মাল।
১ ঘণ্টা আগে
সম্প্রতি মাদ্রাসাগুলোতে শিশু ধর্ষণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধর্মভিত্তিক এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের চরম গর্হিত অপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে শিশুরা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে মর্মে দীর্ঘদিন ধরে অভিযোগ প্রচলিত আছে।
১ ঘণ্টা আগে
শিক্ষকেরা যদি তাঁদের সম্মানের আসন অক্ষুণ্ন রাখতে না পারেন, তাহলে শিক্ষালয়ে সুশিক্ষার পরিবেশ ব্যাহত হয়। উচ্চশিক্ষা মানেই জ্ঞানের চর্চা, জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করা। কোন বিশ্ববিদ্যালয় কতটা এগিয়ে গেল, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নতুন কী আবিষ্কার করলেন...
১ ঘণ্টা আগে
ড. রুশাদ ফরিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। জাতীয় বাজেটে প্রত্যাশা এবং বিভিন্ন খাতে যথার্থ অর্থ বরাদ্দ ও তা যথাযথভাবে ব্যয় না হওয়ার কারণ নিয়ে তাঁর সঙ্গে কথা...
১ দিন আগে