
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তাঁর সঙ্গে পৃথক বৈঠক করে ইরানি প্রতিনিধিদল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তবে দুই পক্ষের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
জেডি ভ্যান্স ও শাহবাজ শরিফের মধ্যকার এই বৈঠকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনাগুলো অঞ্চলটিতে টেকসই শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।
এর আগে ইরানের একটি প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠক হয়। ইসলামাবাদে অবস্থানরত ইরানি বার্তা সংস্থা তাসনিমের সংবাদদাতা জানিয়েছেন, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অন্তর্ভুক্ত করে প্রতিনিধি দলটি শাহবাজের সঙ্গে বৈঠকে অংশ নেয়।
আজকের বৈঠকগুলোতে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের অবস্থান এবং তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে। এরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই আলোচনা শেষ পর্যন্ত কীভাবে এগোবে কিংবা দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যাহ্নভোজের সময় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
আগের আলোচনাগুলোর মতো এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।
ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের প্রতিনিধিদলে আরও আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গালিবাফ বলেছেন, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইরানের স্থগিত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মত হতে হবে।
ইরান থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। আর এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে ব্যাখ্যা করা বেশ জটিল হয়ে উঠতে পারে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দ সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্র বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সম্পদ অবমুক্ত করার বিষয়টি ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত।’ ধারণা করা হচ্ছে, আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু হবে।
যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তবে আরেক ইরানি সূত্র জানান, কাতারে রাখা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিদেশের ব্যাংকে আটকে থাকা বা জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের জব্দকৃত কোনো অর্থই ছাড় দেওয়া হয়নি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা...
৩৮ মিনিট আগে
কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার এমনটাই জানিয়েছেন ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমার ক্ষমতা ব্যবহার করেছেন কেবল বন্ধু, ঘনিষ্ঠ সহযোগী, নির্বাচনী অনুদানদাতা এবং ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর ক্যাপিটলে সহিংস দাঙ্গায় অংশ নেওয়া সমর্থকদের জন্য।
৪ ঘণ্টা আগে