Ajker Patrika

কক্সবাজারের রেস্তোরাঁর খাবার

সম্পাদকীয়
কক্সবাজারের রেস্তোরাঁর খাবার

এখন সবকিছুই যেন সয়ে গেছে। যে খবরটি প্রকাশিত হওয়ার পর আতঙ্কে মূর্ছা যাওয়ার কথা মানুষের, সেই খবরও অম্লান বদনে পড়ে ফেলা যায়; এরপর পত্রিকার পাতা উল্টে বিনোদন বা খেলার পাতায় অনায়াসে চোখ রাখা যায়। যেন এই আমাদের ভবিতব্য। খাদ্যে ভেজাল পাওয়া গেলে কিংবা বাসি খাবার পরিবেশন করলে তা যে ভয়ংকর রকম স্বাস্থ্যহানির কারণ হতে পারে, এ কথা যেন আমরা বুঝেও বুঝি না। কারণ হয়তো এই যে, আমরা মেনে নিয়েছি, খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার নিয়ে কথা বলে লাভ হবে না। খাবারে ভেজাল না মেশালেই বরং তা খবর হওয়ার যোগ্য!

ব্যাপারটা এমন নয় যে কক্সবাজার শহরের এই রেস্তোরাঁগুলোতেই কেবল ভেজাল খাবার পাওয়া যায়। কিংবা এমনও নয় যে বাসি খাবারের ব্যবসাটা শুধু কক্সবাজারেই হয়। দেশে ছড়িয়ে থাকা হাজারো রেস্তোরাঁর হেঁসেলে ঢুঁ মারলেই বুঝতে পারবেন, কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার! হাইজিন মানার কোনো ধরনের বালাই নেই। যা রান্না হচ্ছে, তা ভেজাল কি না, তা পরীক্ষা করে দেখার কেউ নেই। দুই দিন আগের খাবার পরিবেশন করা হচ্ছে কি না, তা নিয়েও কারও কোনো ভাবনা নেই। খাবারে ভেজালের ব্যাপারে জিরো টলারেন্স থাকাই স্বাভাবিক। কিন্তু সেটা যে কাজ করে না, তা এমনিতেই বলে দেওয়া যায়।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন অভিযানে গিয়ে যখন জরিমানা করছেন, তখন সে অভিযানের খবর ছড়িয়ে যায় গোটা শহরে। এ রকম খবর ছড়িয়ে পড়লে অন্য রেস্তোরাঁর মালিকদের কী করার কথা? একই ধরনের দুই নম্বরি করা মালিকেরা হয় ভয়ে রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রেখে পালাবেন, নতুবা এমন খাবার সামনে রাখবেন যাতে ভেজাল নেই কিংবা যা অস্বাস্থ্যকর নয়। অথচ কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি কী করল? তারা সড়ক অবরোধসহ আন্দোলনের হুমকি দিল। ভেবে দেখুন শুধু! কোথায় মালিক সমিতি তাদেরই কোনো সদস্য রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাবার দেওয়ার প্রবণতাকে তিরস্কার করবে, অথচ তারা অভিযান বন্ধ করার জন্য খোদ অভিযানের প্রতি লালচক্ষু প্রদর্শন করল!

খাদ্য নিয়ে এই মামদোবাজি বন্ধ করার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা হতাশ হয়ে বলছি, এত বড় একটি সেক্টর গোটাটাই দুই নম্বরি মালের কাছে পরাজিত হয়েছে। ভেজাল যে এত শক্তিশালী হতে পারে, সেটা রেস্তোরাঁগুলোয় না গেলে বিশ্বাস করা কঠিন। যাঁরা হোটেল বা রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করে থাকেন, তাঁদের স্বাস্থ্যের কত রকম ক্ষতি হতে পারে, সে হিসাব সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানে। কিন্তু মুনাফার প্রবল লোভে তারা ভেজাল আর বাসি খাবার পরিবেশনের বিষয়টিকে আমলেই নিতে চায় না।

শুধু জরিমানা করে ভেজালের এই অভিশাপ থেকে মুক্ত হওয়া যাবে না। সবার মধ্যে খাদ্যবিষয়ক সচেতনতা এবং কড়া শাস্তিই এই আপদের প্রতিকার করতে পারে। কিন্তু সেটার দেখা কি আদৌ পাওয়া যাবে? প্রশ্ন থাকল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত