Ajker Patrika

চাঁদা না পেলে করণীয়?

সম্পাদকীয়
চাঁদা না পেলে করণীয়?

চাঁদা না পেলে কী করতে হয়, কীভাবে ত্রাস ছড়িয়ে দিতে হয়—এসবের উৎকৃষ্ট উদাহরণ তৈরি করল একদল সন্ত্রাসী। যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করা হবে, সেই প্রতিষ্ঠান তা না দিলে, চাঁদাবাজেরা চাইলেই সেখানে গুলি করে কিংবা ককটেল ফাটিয়ে হামলা করতে পারে। এমনকি প্রতিষ্ঠানমালিকের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিতে পারে। চাঁদাবাজদের জন্য এক চমৎকার আইডিয়া!

কারা দিলেন এই আইডিয়া, তা জানতে হলে পড়তে হবে ১৫ নভেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর। খবরে বলা হয়েছে, গত শুক্রবার মধ্যরাতে রাজধানী মোহাম্মদপুরের অনুরাগ রেস্তোরাঁ ও অনুরাগ ফার্মার সামনে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা দুই ব্যক্তিকে গুলি ছুড়ে পালিয়ে যেতে দেখা গেছে। কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল আরও কয়েকজন। এর আগেও সেখানে দুই দফা ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

কারা করল এই কাজ? রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম অভিযোগ করছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫ নভেম্বর তাঁকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অর্থাৎ, ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার ঘটনা আকস্মিক কোনো উত্তেজনার ফল নয়; বরং পরিকল্পিতভাবেই সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে চাঁদা দাবি করে তা আদায়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছুড়ে হামলাকারীরা কার্যত একটি বার্তা দিতে চাইছে—এলাকায় আইন নয়, তাদের ইচ্ছাই শেষ কথা। এমন পরিস্থিতিতে একজন সাধারণ ব্যবসায়ী কীভাবে নিরাপদে ব্যবসা পরিচালনা করবেন? বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশই-বা কীভাবে বজায় থাকবে?

ঘটনাস্থলের কাছেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনেও যদি সন্ত্রাসীরা নির্বিঘ্নে অস্ত্রের মহড়া দিতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সব মিলিয়ে ঘটনাটি জনপদে সন্ত্রাসী তৎপরতার বিপজ্জনক উপস্থিতির ইঙ্গিত দেয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরবর্তী হামলায়ও কি একই সৌভাগ্যের ওপর নির্ভর করতে হবে?

পুলিশ বলছে, ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কিন্তু চাঁদাবাজির হুমকি ও গুলিবর্ষণের মতো ঘটনায় পুলিশের উদ্যোগ কি শুধু লিখিত অভিযোগের অপেক্ষায় সীমাবদ্ধ থাকতে পারে? রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অপরাধ সংঘটিত হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোই নয়, অপরাধ প্রতিরোধ করাও।

রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কোনো নাগরিক বা ব্যবসায়ী সন্ত্রাসের শিকার হলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় একদিন গুলির শব্দই হয়ে উঠবে নাগরিক জীবনের স্বাভাবিক অনুষঙ্গ, আর নিরাপত্তা থাকবে কেবল রাষ্ট্রীয় বক্তৃতায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত