ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। দেশের প্রাকৃতিক সম্পদ তথা সামাজিক বন বিভাগের গাছের কাঠ অবৈধ পাচার রোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেক স্টেশন স্থাপন করা হয়েছে। কিন্তু রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, তখন রাষ্ট্রীয় সম্পদ কীভাবে রক্ষা পাবে? আর এই অপকর্মে সহায়তা করার অভিযোগ উঠেছে বন বিভাগের বাবুল মিয়া, দুজন গার্ডসহ কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। বৈধ কাগজপত্র থাকলেও ব্যবসায়ীরা ঘুষ দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলা ও মালামাল জব্দের ভয় দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করেন নাজমুল। ফলে বৈধ ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বাজারে কাঠ সরবরাহে ও দামে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই ঘুষের টাকা জমা হয় তাঁর একজন নিকট আত্মীয়ের ব্যাংক হিসাবের মাধ্যমে। এ রকম চতুরতার মাধ্যমে তিনি অপকর্মটি করে থাকেন।
তবে আশঙ্কার ব্যাপার হলো, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকার পরেও সংশ্লিষ্ট বিভাগীয় ঊর্ধ্বতন বন কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। এতে আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক যে ওই কর্মকর্তাও এই অপকর্মের সঙ্গে যুক্ত আছেন কি না।
এখন দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন করতে হলে সুয়াগাজী চেক স্টেশনের এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি। সে জন্য অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং তাঁর সহযোগীদের সাময়িক বরখাস্ত করে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ব্যাংক লেনদেনের সূত্র ধরে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতি দমন আইনে মামলা করা জরুরি হয়ে পড়েছে।
শুধু একজন কর্মকর্তাকে শাস্তি দিলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে না; বরং বন বিভাগের চেক স্টেশনগুলোর সামগ্রিক ব্যবস্থাপনায় আমূল সংস্কার করা দরকার। এ জন্য চেক স্টেশনগুলোতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, যার সরাসরি মনিটরিং থাকবে কেন্দ্রীয় দপ্তরের হাতে। এ ছাড়া কাঠ
ও বনজ সম্পদ পরিবহনের অনুমতিপত্র যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক করতে হবে, যাতে বৈধ কাগজপত্র থাকা কোনো ব্যবসায়ীকে অহেতুক হয়রানির মুখোমুখি না হতে হয়। চেক স্টেশনগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিন একই স্থানে না রেখে বদলির ব্যবস্থা চালু রাখতে হবে, যাতে স্থানীয় সিন্ডিকেট গড়ে উঠতে না পারে।
ব্যবসায়ীদের হয়রানি রোধে একটি দ্রুত সাড়াদানকারী হটলাইন নম্বর চালু করতে হবে, যার মাধ্যমে ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নিতে পারেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতিবাজের মূলোৎপাটন করা না গেলে জনগণের ভোগান্তি যেমন কমবে না, তেমনি রাষ্ট্রীয় বনজ সম্পদ নিয়ে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা যাবে না।






