অবশেষে ১২ মার্চ দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে বিশেষ করে শেষ তিন মেয়াদে দেশের জনগণের জাতীয় সংসদ নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায়নি। কারণ, একক দলীয় সংসদ সদস্য এবং গৃহপালিত তকমা পাওয়া বিরোধী দল নিয়ে সংসদ আসলে জমেনি। ফলে এর প্রতি জনগণের তেমন আকর্ষণ ছিল না।
সংসদ মানে হলো সরকারি ও বিরোধী দলের মধ্যে যুক্তি ও তথ্যের কথাযুদ্ধ। আর দুই পক্ষেরই থাকবে দেশ তথা জনগণের প্রতি দায়বদ্ধতা। কিন্তু আমাদের দেশে সে রকম সংসদের চিত্র পাওয়া বাস্তবিক পক্ষে অসম্ভব। কারণ, এখানে আর কেউ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আসেন না। যদিও তাঁরা সংসদে আসার আগে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তারপরেও এবারের সংসদের প্রথম অধিবেশন নিয়ে দেশের মানুষের আগ্রহ ছিল।
অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট এবং সংসদের বাইরে বিভিন্ন দাবি নিয়ে এনসিপির প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো দেশের অধিকাংশ মানুষ নেতিবাচক হিসেবে দেখেছে। সে চিত্রটা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জনের পোস্টের মাধ্যমে বোঝা গেছে। কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা একই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছিলেন। সংসদে কেন তাহলে রাষ্ট্রপতি অপাঙ্ক্তেয় হবেন? এই ঘটনা প্রমাণ করেছে পুরোনো ব্যবস্থার অবশেষ আর নতুন পরিস্থিতির মধ্যে এখনো একধরনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন বিদ্যমান। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যে সংসদকে ‘অধিকার লঙ্ঘনকারীদের ক্লাব’ থেকে মুক্ত করে ‘জনগণের সংসদ’ হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত হয়েছে, তা ইতিবাচক।
একটি সংসদ তখনই কার্যকর হয় যখন তা কেবল সংখ্যাগরিষ্ঠের মতামতের পক্ষে সীমাবদ্ধ না থেকে অর্থবহ বিতর্কের জায়গায় পরিণত হয়। বর্তমান সংসদকে কার্যকর করার জন্য বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং যুক্তিযুক্ত তর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করতে হবে। এটি নিশ্চিত করতে সংসদীয় কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মন্ত্রণালয়গুলোর জবাবদিহি নিশ্চিত করতে সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। কমিটির বৈঠক নিয়মিত হওয়া এবং সেখানে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচিত হওয়া দরকার।
সংসদ কেবল আইন পাসের জায়গা নয়, বরং তা হওয়া উচিত জনমতের আকাঙ্ক্ষা প্রতিফলনের স্থান। বিগত সরকারের সময়ের ‘ডামি সংসদ’ কিংবা ‘একতরফা সংসদ’-এর জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। গণতন্ত্রের প্রাণ হলো বিতর্ক। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সংসদকে কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা হতে হবে নিরপেক্ষ, যাতে তিনি কেবল সরকারি দলের প্রতিনিধি না হয়ে সমগ্র সংসদের অভিভাবক হিসেবে গণ্য হতে পারেন।
রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যে সাংবিধানিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। গণতন্ত্রের পথে কোনো ‘খারাপ দৃষ্টান্ত’ যেন দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি না করে। কারণ, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করার জন্য এই সংসদকে কার্যকর করার বিকল্প নেই।

পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটারের একটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজের বয়স হয়েছে মাত্র দুই বছর। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, সড়ক দেবে বিভিন্ন স্থানে গর্তের মতো হয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে
কাঠফাটা রোদ আর হাড়মাংস আচার হয়ে যাওয়া গরমের পর বর্ষার বৃষ্টি আমাদের জীবনে প্রশান্তি বয়ে আনে। এটাই আবহমান বাংলার ষড়্ঋতুর রূপবৈচিত্র্যের অন্তহীন খেলা। কাজেই বর্ষা আর তার বিভিন্ন মাত্রার বারিধারা আমাদের জীবনযাত্রারও অবিচ্ছেদ্য অংশ। কিছু ঝক্কিঝামেলা বাদে বাংলার প্রকৃতি তার অন্যতম মোহনীয় রূপে...
১৮ ঘণ্টা আগে
সামাজিক অবক্ষয় রোধে আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি, প্রশ্নটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। সরকার, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজইবা এই বিষয়ে কতটা সচেতন, সেই প্রশ্নও উঠছে। অনেকেই কথায় কথায় বলেন, সামাজিক অবক্ষয়ে ছেয়ে গেছে সমাজ, গোটা দেশ। সামাজিক অবক্ষয় রোধ করা না গেলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে।
১৮ ঘণ্টা আগে
দেশের দুর্যোগের ইতিহাস দীর্ঘ। বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, ঘূর্ণিঝড় কিংবা জলাবদ্ধতা—প্রায় প্রতি বছরই দেশের কোনো না কোনো অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়। এসব পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রথম দায়িত্ব। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা...
২ দিন আগে