শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে স্বস্তি ফিরলেও বিপদে পড়েছেন কৃষক। কারণ, এত কম দামে সবজি বিক্রি করে তাঁদের উৎপাদন খরচই উঠছে না। ফলে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। দেশের অন্যতম বৃহৎ কাঁচাবাজার কুমিল্লার নিমসারে সবজির দরপতন নিয়ে আজকের পত্রিকায় মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, অধিক দামে সার, বীজ, কীটনাশক কিনে চাষাবাদ করে সবজি উৎপাদন করলেও বিক্রির বেলায় দাম পাচ্ছেন না কৃষক। কোনো কোনো ক্ষেত্রে বিক্রির দরে তাঁদের জমি থেকে পণ্য তুলে বাজারে নেওয়ার খরচই উঠছে না।
গত বছর কৃষক সবজির ভালো দাম পেয়েছেন। এটা মাথায় রেখে এ বছরও বেশি করে সবজির আবাদ করেছেন তাঁরা। পেয়েছেন বাম্পার ফলনও। কিন্তু এবার সবজির দাম যা দাঁড়িয়েছে তাতে লাভ তো দূরে, খরচও উঠছে না প্রান্তিক কৃষকের। এমনকি কোথাও কোথাও খরচ না ওঠার শঙ্কায় অনেক কৃষক খেত থেকে সবজি তুলতেও নারাজ। কৃষকের উৎপাদন খরচ না ওঠার এমন চিত্র যেমন দুঃখজনক, তেমনি আমাদের কৃষিনির্ভর অর্থনীতির জন্যও অশনিসংকেত।
বেশি দাম ক্রেতার কষ্ট, দাম কমা মানে কৃষকের মাথায় হাত! বিশ্বের বিভিন্ন দেশের বাজারে একটি নিয়ন্ত্রণবিধি থাকে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে আসা পর্যন্ত দামের ভারসাম্য থাকে। আমাদের এখানে বিষয়টির অনুপস্থিতি বাজারের স্থিতিশীলতা নষ্ট করছে। এই সুযোগের পুরো সদ্ব্যবহার করছে একটা বিশেষ গোষ্ঠী। তাই বাজারব্যবস্থায় নিয়ন্ত্রণবিধি থাকা দরকার।
কৃষক তাঁদের জীবিকার জন্য চাষাবাদ করেন। কিন্তু অতিরিক্ত উৎপাদনের ফলে যখন দাম কমে যায়, তখন তাঁরা অসুবিধার মধ্যে পড়ে যান। এটি কৃষকের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং ভবিষ্যতে চাষাবাদে অনীহা তৈরি করতে পারে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরাও লোকসানের মুখোমুখি হয়ে পড়েন।
এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব কৃষককে উন্নত জাতের বীজ, সার ও সেচ সুবিধা দিয়ে উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি, বাজারব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া। আমরা মনে করি, কৃষিপণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ জরুরি। সেই সঙ্গে পণ্যের বিকল্প ব্যবহার বাড়াতেও সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। কৃষিপণ্যের দাম নির্ধারণে ‘মূল্য কমিশন’ গড়ে তোলা দরকার। সেই সঙ্গে সমবায়ের মাধ্যমে কৃষককে সংগঠিত করে, বাজারজাত করার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমাতেও
উদ্যোগ নিতে হবে। একই পণ্য কয়েকবার হাতবদল হওয়া, পরিবহন খরচ এবং চাঁদাবাজির কারণেও পণ্যের দাম ভোক্তা পর্যায়ে অসহনীয় হয়ে ওঠে। এ বিষয়গুলো যথাযথভাবে সমাধানের মাধ্যমে কৃষক ও ভোক্তাকে স্বস্তি দিতে সরবরাহব্যবস্থার ঘাটতি দূর করতে হবে।
একটি টেকসই খাদ্য উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে সরকার, কৃষক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কুমিল্লায় সবজির দরদাম আমাদের সতর্ক করে দিয়েছে যে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সচেতন হতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ছয় দিন পর এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের ভয়ে...
১২ ঘণ্টা আগে
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বর স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার কথা রয়েছে। আমাদের অর্থনীতি এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছে, যেখানে আশা ও উদ্বেগ পাশাপাশি অবস্থান করছে। দেশ এমনিতেই উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ...
১২ ঘণ্টা আগে
ইরান-যুক্তরাষ্ট্রের বর্তমান সংঘাতকে শুধু ব্যর্থ শান্তি আলোচনা হিসেবে দেখলে পুরো চিত্র ধরা যাবে না। গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ বরং এমন এক গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে তেহরান ধীরে ধীরে শান্তির সম্ভাবনার চেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
১২ ঘণ্টা আগে
না, ওঁকে আর দেখব না। দেখব না ওঁর আয়ত গভীর চোখ, ওঁর চিবুকের গভীর টোল। শুনব না ওর শান্ত স্বরের কথা, ওঁর গভীর অভিনিবেশে অন্যের কথা। এ সবই ওঁর অবয়ব ও চরিত্রের অংশ। কিন্তু আমি জানি, প্রয়াত বিভুরঞ্জন সরকার এ সবকিছুকে ছাড়িয়ে আরও বড় ব্যাপ্ত এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। আমার তো জানবারই কথা।
১২ ঘণ্টা আগে