
গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম খসরু। ১৯৯৬ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর মা আয়েশা সিদ্দিকা। নিজের হাতেই মলমূত্র পরিষ্কার থেকে মায়ের সব সেবা করতেন তিনি। দুই দশকের বেশি সময় পর ২০১৭ সালে মারা যান তাঁর মা।
নিজের মায়ের সেবা করতে করতে অসুস্থ বাবা-মায়েদের প্রতি একধরনের মমত্ব তৈরি হয় নজরুল ইসলামের। শুরু করেন নিজের গ্রাম ও আশপাশের গ্রামের অসুস্থ বাবা-মায়েদের সেবা। কারও অসুস্থতার খবর পেলেই হাজির হন তিনি। প্রয়োজনীয় সেবা-শুশ্রূষা করেন। ব্যবস্থা করেন চিকিৎসা ও ওষুধের। দরকার হলে কাউকে কাউকে নিয়ে আসেন নিজের বাড়িতে।
এই করতে করতে তিনি নিজের বাড়িতে গড়ে তুলেছেন ‘মা বাবার সেবাকেন্দ্র’ নামের একটি চিকিৎসা সেবাকেন্দ্র। তিন দশক ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন। নিজের মায়ের সেবা দিয়ে শুরু করা এই কাজের মধ্যে নজরুল এখন অসুস্থ বহু বাবা-মায়ের আপনজন।
উপজেলার বরকুল গ্রামের সালেহা বেগম জানান, তাঁর ছেলেমেয়ে কেউ নেই। বৃদ্ধ স্বামী, তিনিও অসুস্থ। অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সালেহা। গ্রামের একজনের মাধ্যমে জানতে পেরে ছুটে যান নজরুল ইসলাম। নিজের হাতে তাঁর জামাকাপড় পরিষ্কার করে দেন। প্রায় দুই মাসে কমপক্ষে ১০ বার সালেহার বাড়িতে ডাক্তার নিয়ে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেন। এভাবে সালেহাকে সুস্থ করে তুলেছেন নজরুল।
নজরুল ইসলাম জানান, এই মানবসেবা করতে অর্থের প্রয়োজন হয়। প্রথম প্রথম নিজের সহায়-সম্পদ বিক্রি করে তিনি অসুস্থ বাবা-মায়েদের সেবা করতেন। পরে তাঁর কাজে খুশি হয়ে দেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক এগিয়ে আসেন। অনেক চিকিৎসক বিনা পয়সায় চিকিৎসাসহ ওষুধও দেন। এমনকি অনেক বেসরকারি হাসপাতাল সরাসরি সহযোগিতার হাত বাড়িতে দেয়। চিকিৎসাসেবা পরিচালনার জন্য সরকারের পক্ষেও একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যেখানে রোগীর সেবা দেওয়া সহজ হচ্ছে। এই সেবাকার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে নিজের জমাজমি বিক্রি করে মা-বাবা সেবাকেন্দ্রের নামে একটি তহবিল গঠনের কথাও জানান তিনি।
নজরুল ইসলাম আরও জানান, তিনি এ পর্যন্ত কয়েক হাজার অসুস্থ বাবা-মায়ের সেবা করেছেন। যখনই জানতে পারেন অসুস্থ বা বৃদ্ধ কোনো বাবা-মা বিছানায় প্রস্রাব-পায়খানা করছেন। তিনি ছুটে যান সেখানে। নিজ হাতে প্রস্রাব-পায়খানা পরিষ্কার থেকে শুরু করে অনেক অসুস্থ রোগীকে সুস্থ করেন। নিজের জেলার বাইরেও তিনি এ সেবা দেন। যেমন টাঙ্গাইলের মধুপুরের ফরিদা পারভীন, নোয়াখালীর লক্ষ্মীপুরের পাঁচপাড়া গ্রামের নূরজাহান বেগম, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জাহানারা বেগম, টাঙ্গাইলের শ্রীমতী সুধা রানী, নোয়াখালীর ফরিদা বেগম, বরিশালের লাভলী আক্তার, শেরপুরের মরিয়ম বিবি, টাঙ্গাইলের রহিমা বানু।
আজ রোববার বিশ্ব মা দিবস। নজরুল ইসলাম জানান, প্রতিবছর এই দিবসে তিনি মা-বাবার সেবাকেন্দ্রে বড় পরিসরে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকা থেকে বহু বিশেষজ্ঞ চিকিৎসক আসেন রোগীর সেবা দিতে। চিকিৎসার পাশাপাশি সব ধরনের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়।
স্থানীয় আলহেরা হাসপাতালের পরিচালক আবুল হোসেন বলেন, মা-বাবার প্রতি ভালোবাসার দৃষ্টান্ত নজরুল ইসলাম।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোকন মিয়া বলেন, ‘নজরুল ইসলাম খুবই ভালো মানুষ। নিজের সহায়-সম্পদ বিক্রি করে তিনি মানবসেবা করে যাচ্ছেন। চলতি অর্থবছরে উপজেলা পরিষদ থেকে কিছু সরকারি সহায়তা দেওয়া হয়েছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, নজরুল ইসলামের কাজ নিঃসন্দেহে বর্তমান সমাজের জন্য অনুকরণীয়। তাঁর এই সেবা যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
নিজের উপার্জন আর বাবার রেখে যাওয়া সম্পদে অসুস্থ মা-বাবাদের সেবা করেন নজরুল। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ কাজ করে যেতে চান। ৭২ বছর বয়সী নজরুলের স্বপ্ন—নিজের বসতভিটায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা; যেখানে সব অসহায় হতদরিদ্র ছিন্নমূল গরিব মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

পুরান ঢাকার বংশালের একটি মোটর ওয়ার্কশপে ঢুকতেই শোনা যায় লোহা কাটার শব্দ। চারদিকে ছড়িয়ে আছে গ্রিজ, ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ। বড় বড় যন্ত্রপাতির মধ্যে ব্যস্ত কয়েক শিশু। সবচেয়ে ছোট্ট শিশুটির বয়স বড়জোর ১২ বছর। সে শিখছে গাড়ির যন্ত্রাংশ মেরামতের কাজ।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বিএনপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রায় চার মাস পর দেওয়া প্রথম জাতীয় বাজেটে ওই সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
৯ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিদ্যমান দুর্নীতি ও যোগসাজশভিত্তিক কর ফাঁকি বন্ধ...
১২ ঘণ্টা আগে
মোবাইলের নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এই পদক্ষেপ আংশিক স্বস্তির হলেও টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে পূর্ণ সমাধান নয় বলে মনে করে সংগঠনটি।
১৩ ঘণ্টা আগে