Ajker Patrika

জিডিপিতে ৬–৭ শতাংশ অবদান নিশ্চিতে ১,৪৯৮ পর্যটন আকর্ষণের মাস্টারপ্ল্যান সরকারের

বিশেষ প্রতিনিধি, ঢাকা
জিডিপিতে ৬–৭ শতাংশ অবদান নিশ্চিতে ১,৪৯৮ পর্যটন আকর্ষণের মাস্টারপ্ল্যান সরকারের
রাজধানীর গুলশান ক্লাবে রোববার ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: আজকের পত্রিকা

দেশের পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, পর্যটন খাত থেকে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত টুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে।

আজ রোববার রাজধানীর গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিওএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

আফরোজা খানম বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে একটি আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন শিল্পের সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতে তাদের জন্য বিশেষ মূল্যছাড় চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পর্যটন খাতে নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে দেশব্যাপী টুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রকল্প সফল করতে টিওএবিসহ পর্যটন খাতের সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউছার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা ওয়েরাক্কোডি, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান, নেপাল ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিসহ টিওএবি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত