জ্বালানি পরিস্থিতি

সরবরাহে ঘাটতি খুব সামান্য। মজুত নিয়েও আপাতত বড় দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপরও সারা দেশের তেলের পাম্পগুলোতে এক মাস ধরে যেন ‘হাহাকার’ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট মহল ও বিশ্লেষকেরা বলছেন, মূলত দুর্বল পরিকল্পনা, তথ্যের ঘাটতি, ব্যবসায়ী ও ভোক্তাপর্যায়ে কিছু মজুতদারিতে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সরবরাহ নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা ও দাম বাড়ানোর আশঙ্কা।
তবে এক মাসের মাথায় এসে সরকারের নেওয়া কঠোর ও সময়োপযোগী পদক্ষেপের কারণে কিছু কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার কথা জানাচ্ছেন তেল ব্যবসায়ীরা।
জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘এই এক মাসে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। সরকারের অনেক দায়িত্বশীল পর্যায়েও বিষয়টি বুঝতে খানিকটা সময় লেগেছে। সারা দেশের তেল ব্যবস্থাপনা নিয়ে একটি নীতিমালা তৈরির কাজ চলছে। অচিরেই দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নতি দেখা যাবে।’
সংকটের শুরু যেভাবে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৫৬ ডলার থেকে বেড়ে ১২০ ডলারে পৌঁছে। যদিও পরে কিছুটা কমেছে।
এ পরিস্থিতিতে দেশের বাজারে জ্বালানি নিয়ে সংকট শুরু হয়। যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় পাম্পের সামনে। সরকার প্রথম দিকে রেশনিংয়ের পদক্ষেপ নিলেও পরে তা তুলে দেওয়া হয়। সরকার দাবি করে, সরবরাহ বা মজুতে কোনো সংকট নেই। এরপরও পাম্পের সামনের চিত্র আগের মতোই।
এক মাসের সরবরাহ চিত্র
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাবমতে, চলতি মার্চ মাসে গত বছরের মার্চের তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ তুলনামূলক কমেছে খুব সামান্যই। গত বছর মার্চের ৩১ দিনে ৩৬ হাজার ৯০০ টন অকটেন সরবরাহ করা হলেও চলতি মার্চের ২৮ তারিখ পর্যন্ত সরবরাহ করা হয়েছে ৩৪ হাজার টন। গত মার্চে ৪৬ হাজার টন পেট্রল সরবরাহ হয়, চলতি মার্চের ২৮ দিনে হয়েছে ৩৮ হাজার টন। গত মার্চে ৩ লাখ ৯৬ হাজার টন ডিজেল সরবরাহ হয়েছিল। আর চলতি মার্চের ২৮ দিনে হয়েছে ৩ লাখ ২৫ হাজার টন।
চট্টগ্রামের একটি পাম্পের মালিক মঈন উদ্দিন জানান, গত বছর যে পরিমাণ তেল দেওয়া হয়েছিল, এবারও হয়তো সে পরিমাণই দেওয়া হচ্ছে। কিন্তু আতঙ্কের কারণে হোক, কিংবা ভোক্তাপর্যায়ে মজুতের কারণে হোক, চাহিদা অনেক বেড়ে গেছে। সে কারণে সংকট দূর হচ্ছে না।
কড়া নজরদারি, চিহ্নিত কালোবাজার
গত শুক্রবার ছুটির দিনেই সারা দেশের ডিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বেশ কিছু কঠোর পদক্ষেপ হাতে নেয় জ্বালানি মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধার ও কালোবাজারি চিহ্নিত করতে সারা দেশে অভিযান। এ ছাড়া পেট্রলপাম্প পর্যায়ে সম্ভাব্য অনিয়ম রোধে পাম্পগুলোতে একজন করে ট্যাগ অফিসার বা তদারক কর্মকর্তা নিয়োগ। ইতিমধ্যেই সরকারি ডিপো, বাণিজ্যিক পেট্রলপাম্প ও ব্যক্তিপর্যায়ে বড় রকমের অবৈধ মজুত চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই দিনে সারা দেশে ২৪২২টি অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি তেল নিয়ে নানা ধরনের অনিয়মের কারণে ৬৭১টি মামলা এবং ৫৫ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে কারাদণ্ড দেওয়া হয়েছে অন্তত ১২ জনকে। এসব অভিযানে সারা দেশে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম বলেন, ট্যাগ অফিসার নিয়োগের পর তাঁরা সব পর্যবেক্ষণ করছেন। কিন্তু মোটরসাইকেলগুলোকে দেখা যাচ্ছে তারা লাইন ধরে এসে ২-৩ লিটার তেল নিচ্ছে। তাদের টাংকে জায়গা থাকে না। তবু তেল নিতে আসে। এতে বোঝা যায়, ক্রেতাদের মধ্যে এখনো আতঙ্ক রয়ে গেছে।
দুর্বল ব্যবস্থাপনা
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, ‘যুদ্ধবিগ্রহের সময় জ্বালানি সংকট হবে, এটিই স্বাভাবিক। কিন্তু আমরা এর আগ থেকেই অভ্যন্তরীণ কারণে জ্বালানি সংকটে ছিলাম।’
এই অধ্যাপকের মতে, সরকার এখন যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো সাময়িক। হরিলুট হওয়ার মতো পরিস্থিতি চলছে। তেল কালোবাজারে চলে গেছে। সরকারের দুর্বলতার কারণেই এমন হচ্ছে। এসব ক্ষেত্রে ত্বরিত ব্যবস্থা নিতে হয়। কারণ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারলে ক্ষতির পরিমাণ বাড়ে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে তা বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
১২ মিনিট আগে
কিছুক্ষণ পর ২৫-৩০ জন পুলিশ ওই চায়ের দোকানের সামনে আসে। কিছু পুলিশ সদস্য উচ্চস্বরে বলছিলেন—‘সবাইকে ক্রসফায়ার করে দে’। চায়ের দোকানের শাটার খুলে পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে বের করে হাতের অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়...
৩ ঘণ্টা আগে
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকার চাইলে সেগুলো সংশোধন করে, সংযোজন করে নতুন আইন করতে পারে। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন...
৪ ঘণ্টা আগে
২৮ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক অভিযানে যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপোতে জ্বালানি তেলের (ডিজেল) মজুতসংক্রান্ত একটি বিশেষ অসংগতি ধরা পড়ে। অফিস রেকর্ড বা স্টক রেজিস্টারের তুলনায় বাস্তবে মজুতের পরিমাণ সাড়ে ১২ হাজার লিটারের বেশি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ..
৪ ঘণ্টা আগে