
দেশের আটটি বিভাগীয় সদরে শিগগিরই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাইবার অপরাধ শনাক্ত, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার অফিসটা উদ্বোধন করলাম। এই একই অফিসে ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করলাম। এই ভবন এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের পুরোটা সহায়তা করেছে দক্ষিণ কোরিয়া সরকার এবং কোইকা নামে এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। তাদের সহায়তায় এটা হয়েছে।’
কোরীয় সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি এবং কোরিয়া থেকে আসা প্রতিনিধিদলকে এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা প্রথম থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। আমরা সেটা গঠন করেছি। যাত্রা শুরু হয়েছে পুলিশ সাইবার ইউনিট নামে গত ১ অক্টোবর থেকে। আনুষ্ঠানিকভাবে সেটা আমরা শুরু করেছি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে।’
নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে। ডিজিটাল দুনিয়ায় সাইবারস্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, প্রতারণা হচ্ছে, এমনকি শেয়ারবাজারে কারসাজিও এই সাইবারস্পেসের মাধ্যমে হচ্ছে। এ সমস্ত অপরাধ প্রতিরোধ করার জন্য, দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নাই।’
সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জেলা ও বিভাগীয় পর্যায়ে পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিক পরীক্ষাগারের সুবিধা, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণে সক্ষম করে তোলা হবে।’
সিআইডির বিদ্যমান পরীক্ষাগার সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সিআইডি প্রতিষ্ঠার সময় থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা ও প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।’
বিচারপ্রক্রিয়া দ্রুত করার সঙ্গে এসব পরীক্ষার সম্পর্ক তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচারব্যবস্থায় আমরা যদি মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে চাই, তাহলে এই সমস্ত বিশ্লেষণের প্রয়োজন হয়। এগুলোর সাক্ষ্যপ্রমাণের প্রয়োজন হয় এবং সেটার সনদ দেওয়ার প্রয়োজন হয়।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই। ধন্যবাদ।’
পুলিশের অভিযানে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপ, আসামি গ্রেপ্তারে বাধা এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়। এটি নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব, যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন এবং কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
বাংলাদেশ পুলিশের ডিজিটাল তদন্ত ও সাইবার অপরাধ মোকাবিলার জাতীয় ও আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য নিরাপদ সাইবার পরিসর’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় নেওয়া প্রকল্পটি ২০২৩ সালের ১৮ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায়। একই বছরের ১৫ মে জারি করা হয় প্রশাসনিক আদেশ।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা।
প্রকল্পের আওতায় ১০ তলা ভবনের ভিত্তির ওপর চারতলা ভবন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি সিআইডি সদর দপ্তরে সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো হয়েছে।
সাইবার অপরাধ তদন্তে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ইতিমধ্যে তিনটি দেশীয় ও আটটি বিদেশি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৩৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আহ্বান করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
স্পিকার বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা কামনা করেন।
১ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
৪ ঘণ্টা আগে