যশোর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে এখানে আরও বড় বিমান নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
আজ মঙ্গলবার যশোর বিমানবন্দরে অনুষ্ঠিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান জানান, যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ভবন ও নতুন অ্যাপ্রোনের নির্মাণকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিদ্যমান রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রানওয়ের ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সুযোগ সৃষ্টি হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, যাত্রীসেবা ও বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব মহড়ার মাধ্যমে সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করা যায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হয়।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, চলতি বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিটের প্রস্তুতির ক্ষেত্রেও এ ধরনের মহড়া কার্যকর ভূমিকা রাখবে।
নিরাপত্তা মহড়ার দৃশ্যপটে দেখা যায়, আজ বেলা ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যশোরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছু সময় পর যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কাছে একটি বেনামি ফোনকল আসে, যেখানে বিমানে বোমা থাকার হুমকি দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল টাওয়ার ও অ্যাভিয়েশন সিকিউরিটি ইনচার্জকে জানানো হয়।
পরিস্থিতি মূল্যায়নের পর বিমানবন্দর ব্যবস্থাপক ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি ঘোষণা করেন এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করা হয়। এরপর বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, মেডিকেল ইউনিটসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।
এ মহড়ায় বেবিচক ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল টিম অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান। মহড়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল।

জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে সংসদ কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।
২৯ মিনিট আগে
চলমান জ্বালানি সংকটে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে বুধবার (২২ এপ্রিল) বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) যৌথ সভা অনুষ্ঠিত হবে। টেলিযোগাযোগ খাতের অংশীজনদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে