‘আদিবাসীদের’ বিষয়ে সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪৪ জন বিশিষ্ট নাগরিক। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা ‘আদিবাসীদের’ নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রীকে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১১ আগস্ট ঢাকায় এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনো আদিবাসী জনগোষ্ঠী নেই, সকল নাগরিককে কেবল বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা উচিত। ওই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটি অপ্রাসঙ্গিক।
দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের অপ্রত্যাশিত মন্তব্যে তারা হতাশ হয়েছেন উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেতই নয়, আদিবাসী জাতিগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় এবং আন্তর্জাতিক স্বীকৃত অধিকারকে হুমকির মুখে ঠেলে দেওয়ার সমার্থক।’
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমাদের প্রিয় দেশকে ‘রেইনবো নেশনে’ রূপান্তরিত করার অঙ্গীকার করা হয়েছে। দুই মন্ত্রীর এমন বক্তব্যের পরে প্রশ্ন আসে, বাংলাদেশে যদি আদিবাসী জনগোষ্ঠী না-ই থেকে থাকে তাহলে তারা রেইনবো নেশন গড়ার অঙ্গীকার করেছেন কি উদ্দেশ্যে?
আদিবাসীদের নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য সংবিধান, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে অবিলম্বে দুই মন্ত্রীকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রথাগতভাবে আদিবাসী বা উপজাতি হিসেবে পরিচিত সংখ্যালঘু অবাঙালি জনগোষ্ঠীকে বর্তমানে সরকারিভাবে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, আবু সাঈদ খান, রাশেদা কে চৌধুরী, ইফতেখারুজ্জামান, শাহিন আনাম, জেড আই খান পান্না, ডা. মং উষা থোরাই, শহিদুল আলম, সারা হোসেন, শামসুল হুদা, সুব্রত চৌধুরী, সামিনা লুৎফা, সালমা আলী, মনিন্দ্র কুমার নাথ, দীপায়ন খীসা প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলটি এমন একটি এলাকায় পরিণত হোক—যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকেরা অর্থবহ সহযোগিতার হাতকে প্রসারিত করবে। বাংলাদেশ এ ক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।
২ ঘণ্টা আগে
স্লিপার বাসের সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রথমবারের মতো তৈরি হচ্ছে এ বাসের বডি নির্মাণ ও চলাচল নিয়ন্ত্রণের নীতিমালা। পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে আর স্লিপার বাস তৈরি করা যাবে না। বাসের পেছনের দিকে দুটি করে এক্সেল, সব এক্সেলে এয়ার সাসপেনশন এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা...
২ ঘণ্টা আগে
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
১৪ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১৬ ঘণ্টা আগে