Ajker Patrika

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১: ৪২
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি, বাংলাদেশ বিমানসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি মরদেহ দ্রুত শনাক্তকরণ, দেশে ফিরিয়ে আনা ও শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্ত করার ব্যবস্থা করবে। শনাক্তকরণ শেষে সৌদি কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা ও আনুষ্ঠানিকতা অনুসরণ করে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে দেশে আনা এবং সৎকারের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, নিহত ১৬ জনের প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।

এরই মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতি পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত কর্মীদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সরকার এই মর্মান্তিক ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাদের এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত