
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার।
ঊর্মিকে চাকরি থেকে বরখাস্ত করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ঊর্মি তাঁর ব্যক্তিগত ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটন পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়েছে আপনার, মহাশয়! তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে আমি কে? রাজাকার–রাজাকার। আপনাদের এ স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন, এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে নিয়েও স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।
এ ঘটনায় গত ৬ অক্টোবর ঊর্মিকে ওএসডি করা হয়। পরদিন তাঁকে সাময়িক বরখাস্ত করে সরকার। আদালতেও তাঁর বিরুদ্ধে মামলা চলছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর ঊর্মি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দিয়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিত জবাব দেন। তাঁর জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঊর্মিকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা যথোপযুক্ত গুরুদণ্ড দেওয়া হবে না—তা জানতে চেয়ে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা ও বিভাগীয় মামলার নথি পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সরকারি কর্ম কমিশন একমত পোষণ করে এবং রাষ্ট্রপতি তাঁকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করায় তাঁকে ওই সাজা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও খবর পড়ুন:

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৭ ঘণ্টা আগে