
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেছেন, দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বড় একটি অংশ বিভিন্ন অনিয়মে জড়িত। নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করলে চার থেকে পাঁচ শটির বেশি এজেন্সি টিকবে না। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নজরদারি চলছে। প্রতারণা বন্ধ না করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) আওতায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা অবৈধভাবে প্রতারণার চক্র হিসেবে কাজ করছেন, তাঁরা এখনই ভালো হয়ে যান। বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা সংস্থা আপনাদের কার্যক্রম নজরদারিতে রেখেছে। প্রতারণা বন্ধ না করলে কারও রেহাই পাওয়ার সুযোগ নেই।’
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছ ও কম ব্যয়বহুল একটি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠাতে কাজ করছে। তবে সরকারি অনুমোদনের আগেই অর্থ আদায় বা কর্মী নিবন্ধনের নামে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ বেআইনি।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অর্থ সংগ্রহ বা বিজ্ঞাপন দেওয়া অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নুরুল হক নূর জানান, ভুয়া ও অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এ ছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে কোনো ধরনের ঘুষ বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ম্যাজিস্ট্রেট পদায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ‘প্রবাসী কার্ড’। নতুন অনলাইন অভিযোগ ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধাও ভবিষ্যতে এই কার্ডের সঙ্গে সংযুক্ত করা হবে।
সিস্টেক ডিজিটাল লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি নতুন অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা মডিউলের মাধ্যমে প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ঘরে বসেই অভিযোগ দাখিল, প্রয়োজনীয় নথি আপলোড এবং অভিযোগের অগ্রগতি অনলাইনে অনুসরণ করতে পারবেন।
একই সঙ্গে বিএমইটির কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এসে অভিযোগ তদন্ত, সালিস, নিষ্পত্তি ও প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারবে।
অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনীম সিদ্দিকীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
১ ঘণ্টা আগে
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।
২ ঘণ্টা আগে