
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। তিনি জানান, আসামিরা পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিনি জানান, আগামী ৪ মে গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।
অন্য যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তাঁরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন ও শরীফ আহমেদ। শেষের দুজন তদন্তে পাওয়া আসামি।
গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনসুবিধা থাকার পরও সেটি গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
এজাহারে আরও বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তাঁর ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে প্রকল্পের বরাদ্দবিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১৭ নম্বর প্লট সায়মা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দিয়েছেন। সায়মা ওয়াজেদ পুতুল প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে প্লট গ্রহণ করেন। প্রতারণামূলক অবৈধ পারিতোষিক দেওয়া ও নেওয়া এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে দণ্ডযোগ্য অপরাধ করেছেন।
মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তে পাওয়া আরও দুই আসামিসহ শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া।
আরও খবর পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগে
দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত
২ ঘণ্টা আগে