আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ খাতে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের তথ্য সংগ্রহ করছে সংস্থাটি।
দুদকের অভিযোগ অনুসন্ধান সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ খাতে বিগত সরকারের সময় নেওয়া বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে প্রকল্প ব্যয় বৃদ্ধি, ভুয়া বা অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দায়িত্বকালে পিডিবির বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে একটি প্রভাবশালী বলয় গড়ে ওঠে। ওই সময় বিদ্যুৎ খাতের একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন হলেও সেগুলোর অনেকগুলো নিয়ে ব্যয় বৃদ্ধি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। দুদক এখন সেই সময়ের বিভিন্ন সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদ অর্জনের উৎস যাচাই করছে।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব, আয়কর নথি, জমি, ফ্ল্যাট, ব্যবসায়িক অংশীদারত্ব ও অন্যান্য সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের সঙ্গে তাদের বৈধ আয়ের উৎসের মিল রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
সম্প্রতি দুদকের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেন পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবির। দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন ও আর্থিক বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় বলে জানা গেছে। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজন হলে আরও কয়েকজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবিরসহ মোট ১৩ জন সাবেক কর্মকর্তা ও প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর থেকে তাঁদের সম্পদের তথ্য সংগ্রহ, নথিপত্র যাচাই এবং পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা এবং সরকারি আবাসন পরিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। এসব পদে রদবদল করে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
এসব নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেতনকাঠামোর গ্রেড-২ পদে তাঁদের এক বছরের চুক্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
২ ঘণ্টা আগে
সীমান্তে কথিত অবৈধ অভিবাসন ও ‘পুশ ইন’ ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই সীমান্ত নিরাপত্তা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত টহল, মানব পাচার ও সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে চীনা বিনিয়োগ ও সহায়তায় শিল্প-কলকারখানা গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী দুই-এক মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে আসবে। একই অনুষ্ঠানে ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
৪ ঘণ্টা আগে