Ajker Patrika

কলঙ্ক মোচনের ভোট আজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কলঙ্ক মোচনের ভোট আজ
প্রতীকী ছবি

সব অনিশ্চয়তা, আশঙ্কা পেছনে ফেলে ভোট উৎসবে মেতে ওঠার দিন আজ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণের কলঙ্ক মুছে ফেলে গণতন্ত্রের নতুন পথযাত্রার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর এই নির্বাচন ঘিরে ভোটারসহ দেশবাসীর উৎসাহের কমতি নেই। মুক্ত পরিবেশে নিজেদের মনমতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এই অধিকার প্রয়োগের অপেক্ষার অবসান ঘটাতে উন্মুখ প্রায় ১৩ কোটি ভোটার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন কেবল সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং বিগত সরকারের বিতর্কিত নির্বাচনব্যবস্থার প্রতি রাজনৈতিক আস্থা পুনর্গঠনেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাঁদের মতে, এটি সাংবিধানিক প্রক্রিয়ার পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনঃস্থাপনের এক সন্ধিক্ষণ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘এই গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন যেন প্রত্যেক ভোটারের কাছে একটি আনন্দময়, শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সংসদ নির্বাচনের পাশাপাশি আজ জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রস্তাবে জনরায় নেওয়ার গণভোটও অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হবে ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া মোট ৫০টি রাজনৈতিক দল। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ইত্যাদি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ সালে ‘একতরফা’, ২০১৮ সালে ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের ‘আমি-ডামির নির্বাচন’ দেশের নির্বাচনব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভোটারদের একটি বড় অংশের অভিযোগ ছিল, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম আজকের পত্রিকাকে বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, বিগত তিন নির্বাচনে জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এটি শুধু সরকার গঠনের জন্য নির্বাচনের প্রক্রিয়া নয়; বরং ভোটাধিকার হরণের গ্লানি মোছারও সুযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

বাংলাদেশেই বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ফলাফল নির্ধারণ করবে জেন-জি

টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত