Ajker Patrika

বিমান মন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রীর নির্দেশনা

মেয়াদোত্তীর্ণ ভিসার যাত্রীদের অগ্রাধিকার দিতে হবে

  • গত চার দিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল।
  • ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।
  • কাতারের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
মেয়াদোত্তীর্ণ ভিসার যাত্রীদের অগ্রাধিকার দিতে হবে
অনিশ্চয়তা নিয়ে পূর্বনির্ধারিত ফ্লাইটে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার আগে স্বজনদের কাছ থেকে বিদায় নেন এক যাত্রী। গতকাল শাহজালাল বিমানবন্দরে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত চার দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের প্রভাব পড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা অল্প সময় বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের বহনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম।

বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিশ্বের বহু এয়ারলাইনস। বিশ্বজুড়ে লাখ লাখ কর্মী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণির মানুষ এ কারণে আটকা পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩ মার্চের সূচিতে থাকা আরও ৩৮টি ফ্লাইট বাতিলের তালিকায় ছিল।

গতকাল মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারলাইনসের ৪টি, এয়ার অ্যারাবিয়া ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি।

ছয় গন্তব্যে বিমানের ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ছয়টি গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ এবং কুয়েত রুটে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গন্তব্যের সব যাত্রীকে কাছের বিমান বিক্রয়কেন্দ্র অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের কল সেন্টার নম্বর ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক নম্বর +৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গতকাল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা বিষয়ে এক সভায় মন্ত্রী ভিসার মেয়াদসহ অন্যান্য গুরুতর সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আফরোজা খানম বলেন, যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মন্ত্রী এয়ারলাইনসগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার তাগিদ দেন। এ ছাড়া অতিরিক্ত কোনো চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রীদের পরিবহনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

কাতারের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি

এদিকে উপসাগরীয় দেশ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক মাসের জন্য এটি কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়সীমা আরও বাড়তে পারে। কাতারি গণমাধ্যম প্রতিষ্ঠান দোহা নিউজ এ তথ্য জানিয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে হবে। এ জন্য কোনো বাড়তি ফি দেওয়া বা নতুন করে আবেদন করতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত