
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ‘অপ্রয়োজনীয়’ ও ‘দুর্নীতির উদ্দেশ্যে’ নেওয়া প্রকল্প বাদ দিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের বলেন, ‘জনগণের স্বার্থে যে প্রকল্পগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে অপ্রয়োজনীয় ও দুর্নীতির জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো বাদ দিয়ে জনগণের স্বার্থে যেসব প্রকল্প নেওয়া প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গুরুত্বারোপ করেছি। যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি এবং পদায়নের জন্য গুরুত্বারোপ করেছি।’
উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সেলিম রেজা হাবিব বলেন, ‘আমরা বলেছি, যেন সব কাজ টেকসই হয়। রাস্তাঘাট থেকে শুরু করে যা-ই নির্মাণ করা হোক, এগুলোর গুণগত মান যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, যেকোনো উন্নয়নমূলক কাজ সমাপ্তির পরে তিন বছর সেই বাস্তবায়নকারী সংস্থাকে মেরামতের দায়িত্ব নিতে হবে। এটি বাস্তবায়িত হলে গুণগত মান ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর তথ্য উপস্থাপন করা হয়। এ প্রকল্পগুলোর মধ্যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো চিহ্নিত করতে বলেছে কমিটি। মন্ত্রণালয় জানিয়েছে, কিছু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেলিম রেজা হাবিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন জটিল ও ঝুঁকিপূর্ণ। এ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, সে ক্ষেত্রে বাহিনী এখনো মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নয় বলে কমিটি মনে করে। এ কারণে কিছুটা সময় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথাও বলেছে কমিটি।
আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন হাবিব।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কমিটির সভাপতি বলেন, সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতি শনিবার দক্ষিণ প্লাজা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সারা দেশে এ কর্মসূচি চলছে।
সেলিম রেজা হাবিব বলেন, ‘প্রতিবছর মশার যে পরিমাণ উপদ্রব ছিল, এবার কিন্তু সেটি ওইভাবে নেই। কিন্তু কেন যেন ডেঙ্গুর মাত্রাটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। কারণটা কী? অতীতে ছিল যে, মশার তাড়নায় কেউ ঘুমাতে পারেনি, কিন্তু এখন মশা নিয়ে এ রকম কোনো পত্রিকায় আমরা লেখালেখি দেখি না। কিন্তু ডেঙ্গু যাদের হচ্ছে, তাদের মারাত্মক আকার ধারণ করছে। এটির ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, এগুলোর সমাধান হবে।’
এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া ক্ষমতাচ্যুত সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং রফিকুল ইসলাম খান।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধায় তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের অফ ডে (সাপ্তাহিক বিরতি) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।
৩ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
১৩ মিনিট আগে
জুলাই জাদুঘর শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের প্রত্যেক নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট। তিনি আরও বলেছেন, ‘জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।’
৩০ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্থগিত হওয়া দুই ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি জানা যাবে আগামীকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায়।
৩৬ মিনিট আগে