আগে অপরাধের বিচার, তারপর রাজনীতির প্রশ্ন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অর্থ পাচার, লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার আগে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছে, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত, তাদের আগে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে। জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এ দেশে চলবে কি না। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান। আদালত যে রায় দিয়েছেন, সে রায় বাস্তবায়ন হোক। তারপরে দেখা যাবে আপনাদের সংগঠন কোন পর্যায়ে আপনাদের জনগণ দাঁড় করায়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বেআইনি কর্মকাণ্ড, গণহত্যা, ব্যাংক লুট ও গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার আগে হতে হবে। এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।’
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। যারা হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত, তারা আবার দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। তারা কী উদ্ধার করবে, তা বাংলাদেশের জনগণের জানা আছে।’
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের কলমের ধার যেমন বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকেরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকেরাও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।’
ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।’
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।









