প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধনে
সৌন্দর্য কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা নেই। কখনো এটি ধরা দেয় পাহাড়ের বাঁকে, কখনো প্রাচীন মন্দিরের কারুকাজে। আবার কখনো গোধূলির আলোয় রঙিন হওয়া সমুদ্রসৈকতে এর দেখা মেলে। বিশ্বের সুন্দর ভ্রমণ গন্তব্যের তালিকায় এশিয়া মহাদেশের বৈচিত্র্যময় কিছু জায়গা পর্যটকদের মনে আলাদা দাগ কেটেছে। ভ্রমণ ম্যাগাজিন ‘টাইম আউট’ প্রকাশ করেছে ৫১টি সেরা ভ্রমণ গন্তব্যের তালিকা। তাতে জায়গা করে নিয়েছে এশিয়ার বেশ কিছু দেশ। সেই জায়গাগুলো প্রাকৃতিক সৌন্দর্য, আবার কখনো মানুষের তৈরি স্থাপত্যশৈলীর রূপে অনন্য। এগুলোর সৌন্দর্য উপভোগকে ‘অনন্য অভিজ্ঞতা’ বলে উল্লেখ করেছেন পর্যটকেরা।

কোমোডো ন্যাশনাল পার্ক, ইন্দোনেশিয়া
কল্পনা করুন তো, এক ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন তিনটি বিশাল উপসাগর, যেগুলোর সৈকতের বালুর রং সাদা, কালো ও গোলাপি! ইন্দোনেশিয়ার এই ন্যাশনাল পার্কের পাদার দ্বীপ থেকে দেখা দৃশ্যটি যেন জুরাসিক যুগের কোনো দৃশ্য। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই জায়গায় রয়েছে কাচের মতো স্বচ্ছ পানি আর অদ্ভুত সুন্দর গোলাপি সৈকত। সেখানকার সমুদ্রে ডুব দিলে দেখা মেলে রংবেরঙের কোরাল, মান্তা রে এবং ডলফিনের। আর ডাঙায় দেখা মিলবে পৃথিবীর বিখ্যাত কোমোডো ড্রাগন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই জায়গা।

থ্রি হোয়েল রক, থাইল্যান্ড
তালিকার ৩৬ নম্বরে আছে থাইল্যান্ডের ইসান অঞ্চলের ভূতাত্ত্বিক বিস্ময় থ্রি হোয়েল রক। এটি দেখতে হুবহু তিনটি তিমির মতো। বিশাল এই পাথরগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হবে যেন একদল তিমি গ্রীষ্মমণ্ডলীয় বনের ভেতর দিয়ে সাঁতার কেটে যাচ্ছে। পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশের ঘন জঙ্গল, মেকং নদীর তটরেখা এবং দূরে লাওসের পাহাড়ের প্যানোরামিক দৃশ্য চোখে পড়ে। বনের ভেতর দিয়ে পিকআপ ভ্যানে চড়ে এই তিমির আকৃতির পাথরের কাছে যাওয়ার অভিজ্ঞতাও বেশ রোমাঞ্চকর।

পুনাখা উপত্যকা, ভুটান
তালিকার ১০ নম্বরে আছে ভুটানের পশ্চিম প্রান্তের উর্বর উপত্যকা পুনাখা। এটি যেন জীবন্ত ক্যানভাস। তবে বসন্তকালেও যখন এর চারপাশের পাহাড়গুলো শীতের আমেজে ঢাকা থাকে, তখন পুনাখার ঢালু জমিতে দেখা যায় মরিচ এবং লাল ধানের কচি চারা। কুয়াশাচ্ছন্ন সকালে পাহাড়ের ধাপে ধাপে বয়ে যাওয়া এই দৃশ্য মনকে প্রশান্ত করে দেয়। এখানকার চারতলা বৌদ্ধমন্দির খামসুম ইউলি নামগিয়াল চোরতেনের প্রবেশপথে উইস্টেরিয়া ফুলের ঝরনা আর ভেতরের দেয়ালে বৌদ্ধ দেবতাদের নিখুঁত ফ্রেস্কো যে কাউকে মুগ্ধ করবে।

হা জিয়াং প্রদেশ, ভিয়েতনাম
ভিয়েতনামের উত্তর প্রান্তের এই প্রদেশ যেন এক অন্য পৃথিবী! সেরা জায়গার তালিকায় এর স্থান সতেরোতম। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ধাপে ধাপে সাজানো ধানখেত এখানকার প্রধান আকর্ষণ; বিশেষ করে থাম মা পাসের হেয়ারপিন বাঁক এবং মি পা লেং পাস থেকে ৩ হাজার ফুট নিচে বয়ে যাওয়া নহো কুয়ে নদীর দৃশ্য অপার্থিব। হাজার বছরের কঠোর পরিশ্রমে পাহাড়ের গায়ে খোদাই করা এই ধানখেতগুলো দেখলে প্রকৃতির সামনে নিজের অস্তিত্বকে ক্ষুদ্র মনে হবে।

এলা, শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা। এই শহর সমুদ্রসৈকত কিংবা ব্যস্ত রাজধানীর কোলাহল থেকে পুরোপুরি আলাদা। এখানকার পাহাড়ি পথে রয়েছে ডজনখানেক হাইকিং ট্রেইল। এগুলো দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা মেলে আইকনিক নাইন আর্চস ব্রিজ। এই নয় খিলানের সেতুটি মূলত ক্যানডি থেকে এলা পর্যন্ত ট্রেন ভ্রমণকে বিশ্বের অন্যতম সুন্দর এবং রোমাঞ্চকর রেলযাত্রায় পরিণত করেছে। চা-বাগানের মাঝ দিয়ে পাহাড়ি বাঁক নেওয়া ট্রেনের জানালা দিয়ে দুপাশের অবারিত সবুজ দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে যেকোনো পর্যটকের।
এ ছাড়া তালিকায় আছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, চীনের ঝাংয়ে জাতীয় ভূ-উদ্যান, জাপানের কিনকাকু-জি মন্দির, ভারতের জয়পুর এবং ভিয়েতনামের হোই আন।

নোয়াখালীর হাতিয়া দ্বীপের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও বৈচিত্র্যময়। মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছিল এই দ্বীপ। ধারণা করা হয়, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপ খ্রিষ্টপূর্ব ১৫ অব্দের দিকে প্রথম মানুষের নজরে আসে। সুদীর্ঘ সময় ধরে প্রকৃতির ভাঙাগড়ার খেলায়...
৪১ মিনিট আগে
চৈত্র মাসে অতটা তাপ বোঝা না গেলেও ধারণা করা হচ্ছে, এবার গরম পড়বে খুব। এপ্রিলে যাঁরা ভ্রমণ পরিকল্পনা করছেন, তাঁদের সঙ্গে রাখতে হবে গরমের উপযোগী কিছু জিনিসপত্র। এতে ভ্রমণকালে স্বস্তি মিলবে অনেকটাই। পাহাড় বা সমুদ্রসৈকতে বেড়াতে গেলে অবশ্যই ব্যাগে সানস্ক্রিন রাখুন। এ ছাড়া অতিরিক্ত রোদ থেকে চোখ রক্ষায়...
৩ ঘণ্টা আগে
স্বাধীনতা অর্জন একদিকে যেমন রণাঙ্গনে বিজয়ের বিষয়, অন্যদিকে তেমন নিজ সংস্কৃতির সব শাখার পুষ্পপল্লবে বিকশিত হওয়ারও। গত ৫৫ বছরে আমরা সেটা অর্জন করতে পেরেছি। সংস্কৃতির সব শাখার মতো এই দীর্ঘ সময়ে আমাদের নিজস্ব ফ্যাশন ইন্ডাস্ট্রিও বর্ণিল হয়ে উঠেছে, খুঁজে নিয়েছে নিজস্ব রং, নিজস্ব ছন্দ আর গতি ও প্রকৃতি...
১২ ঘণ্টা আগে
আপনার সাহসের প্রশংসা সবাই করে, কিন্তু আজ সেই সাহস যদি বসের ভুল ধরার কাজে লাগান, তবে বিপদ! আপনার নির্ভীক মতামত আজ পরিবারের শান্ত পরিবেশকে ‘ব্যাটলগ্রাউন্ড’ বানিয়ে দিতে পারে। অফিসে আপনার আইডিয়াগুলো লোকে চুরি করতে পারে।
১ দিন আগে