বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ

গতকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি যেন এবারের শীতের আগমনী বার্তা দিয়ে গেল। দেশের নানা প্রান্তে এই বৃষ্টি আর বদলে যাওয়া বাতাস মনে করিয়ে দিচ্ছে, শীত এবার জাঁকিয়ে বসতে চলেছে। কিন্তু ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেরই লেগে যাচ্ছে ঠান্ডা-সর্দি কিংবা গলাব্যথা। এমন সময়ে শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম সচল রাখতে এক বাটি গরম স্যুপের চেয়ে আরামদায়ক কিছু হতে পারে কি? মজার বিষয় হলো, বিদেশি জটিল উপাদান ছাড়াই আমাদের হাতের কাছে থাকা দেশি ও সহজলভ্য সবজি, মসলা আর প্রোটিন দিয়েই বানিয়ে ফেলা যায় দারুণ পুষ্টিকর স্যুপ। চলুন, জেনে নেওয়া যাক তেমনই ৩টি স্যুপের রেসিপি।
হলুদ-আদা দিয়ে দেশি মুরগি ও পালংশাকের স্যুপ
আদা, হলুদ আর পালংশাক, এই তিনটি উপাদানই রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য দারুণ কার্যকর। আদায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল গুণ এবং হলুদের কারকিউমিন ঋতু পরিবর্তনের সংক্রমণ থেকে শরীরকে আগলে রাখতে সাহায্য করে।

উপকরণ: দেশি মুরগির মাংস (হাড়সহ ছোট টুকরো করা) ১ কাপ, কুচানো পালংশাক ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি বা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, অলিভ অয়েল বা ঘি ১ টেবিল চামচ, পানি ৩–৪ কাপ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সামান্য তেল বা ঘি গরম করে পেঁয়াজ, রসুন ও আদা হালকা ভেজে নিন। এবার মুরগির মাংস, হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কুচানো পালংশাক ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও ৩–৪ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

ব্রকলি ও আলুর ক্রিমি স্যুপ
ব্রকলিতে রয়েছে ভিটামিন সি, জিঙ্ক, আয়রন ও ফাইটোকেমিক্যাল, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সঙ্গে আলুর সামান্য ক্রিমি ভাব স্যুপটিকে দেয় দারুণ স্বাদ ও তৃপ্তি।
উপকরণ: মাঝারি আকারের ব্রকলির ফুল ১.৫ কাপ, মাঝারি আলু ১টি (খোসা ছাড়িয়ে কিউব কাটা), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কোয়া ২টি, মাখন ১ টেবিল চামচ, চিকেন বা ভেজিটেবল স্টক/পানি ৩ কাপ, গোলমরিচ গুঁড়ো ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে মাখন গলিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নেড়ে নিন। এরপর আলু ও ব্রকলির টুকরোগুলো দিয়ে ২ মিনিট নেড়ে পানি বা স্টক ও লবণ দিন। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে সামান্য ঠান্ডা করুন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। আবার হাঁড়িতে ঢেলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এক বলক তুলে নামিয়ে নিন।

মাশরুম, বার্লি ও শাকের পুষ্টিকর স্যুপ
ঠান্ডার দিনে হালকা অথচ ভরপুর পুষ্টির খোঁজ করলে এই স্যুপটি সেরা। বার্লি ও মাশরুমের ফাইবার এবং শাকের খনিজ উপাদান শরীরের শক্তি ধরে রাখতে ও রোগ প্রতিরোধে দারুণ কাজ করে।
উপকরণ: বার্লি ১/৩ কাপ (আগে থেকে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখা), মাশরুম কুচি আধা কাপ, পালংশাক বা লালশাক কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা-রসুন কুচি ১ চা চামচ, তেল ১ চা চামচ, পানি ৩.৫ কাপ, লবণ ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সামান্য তেলে পেঁয়াজ, আদা ও রসুন হালকা ভেজে মাশরুম দিয়ে দিন। মাশরুম নরম হলে ভেজানো বার্লি, পানি ও লবণ দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন। বার্লি নরম হয়ে এলে শাক কুচি ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
কেবল সুষম খাবারই নয়, পর্যাপ্ত ঘুম, হালকা শরীরচর্চা আর বদলে যাওয়া আবহাওয়ায় নিজেকে উষ্ণ রাখাই এই ঋতুতে সুস্থ থাকার সেরা উপায়।
সূত্র: হেলথ লাইন









