
বর্তমান যুগে প্রেমের সংজ্ঞা যেন অনেকটাই বদলে গেছে। ডেটিং মানে এখন যেন সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যকে জাহির করার এক অদৃশ্য প্রতিযোগিতা। বন্ধুদের সঙ্গে কিংবা ভার্চুয়াল দুনিয়ার অচেনা মানুষদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে একধরনের ‘ডেটিং বার্ন আউট’ বা ক্লান্তির শিকার হচ্ছেন। তবে ২০২৬ সালের এই সময়ে দেখা দিয়েছে সম্পর্কের নতুন ট্রেন্ড ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। এ জন্য বদলে যাচ্ছে জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন। সম্পর্কের শুরুতে কোনো রকমের লেবেল বা তকমা দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে জেন-জি ও মিলেনিয়ালরা এখন বেছে নিচ্ছে একধরনের ধীর ও শান্তির পথ। টিকটক ও তরুণদের মাঝে জনপ্রিয় হওয়া এই নতুন ডেটিং ট্রেন্ডের নাম দেওয়া হয়েছে ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’।
সহজ কথায়, সম্পর্কের ভবিষ্যৎ কী বা এটি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে তাড়াহুড়ো না করে একটি সম্পর্ককে তার নিজস্ব গতিতে ডালপালা মেলতে দেওয়ার নামই হলো ওয়াইল্ডফ্লাওয়ারিং। বুনো ফুল বা ওয়াইল্ড ফ্লাওয়ার যেমন কোনো কৃত্রিম যত্ন বা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে বিকশিত হয়, এই ডেটিং ট্রেন্ডের মূল ভাবনাও তাই। ‘আমরা কেন সম্পর্কে আছি?’ বা ‘এক মাস চ্যাটিংয়ের পর এবার একটা সামাজিক নাম দেওয়া দরকার’—এমন কোনো তৈরি করা নিয়ম বা চাপ ছাড়া একে অন্যের মানসিক গভীরতা বোঝার চেষ্টা করাই এই ট্রেন্ডের মূলকথা। চালকের আসনে বসে গন্তব্য খোঁজার চেয়ে সহযাত্রী হয়ে পথচলা উপভোগ করাই এখানে মুখ্য বিষয়।
ডিজিটাল ডেটিংয়ের দুনিয়ায় গোস্টিং, সিচুয়েশনশিপ কিংবা ব্রেডক্রাম্বিংয়ের মতো জটিল এবং নেতিবাচক শব্দের ভিড়ে তরুণেরা যখন ক্লান্ত, ঠিক তখনই ওয়াইল্ডফ্লাওয়ারিং যেন একধরনের স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তরুণেরা অনেক সাজানো-গোছানো বা কৃত্রিম ডিজিটাল সম্পর্কের চেয়ে সততা, কোমলতা ও স্বতঃস্ফূর্ততাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

জেন-জি এখন আর ডেটিং অ্যাপের নিখুঁত বায়ো দেখে প্রেম করতে বা চ্যাটিংয়ের কোনো নিয়ম মেনে চলতে রাজি নয়। এই প্রজন্মের মূল দর্শনই হলো, প্রত্যেক মানুষেরই নিজস্ব ছন্দ, প্রত্যাশা ও সংযোগের ধরন রয়েছে। ওয়াইল্ডফ্লাওয়ারিং মূলত সম্পর্কের সামাজিক চাপ থেকে মুক্তি পাওয়ার এক সহজ উপায়, যা কোনো অতিরিক্ত চিন্তা ছাড়াই ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়। ভার্চুয়াল দুনিয়ার দ্রুতগতির প্রেমের বিপরীতে এটি মানুষকে একটু থামা ও ভাবার অবকাশ দিচ্ছে।
সম্পর্কের শুরুতে কোনো জোর বা সামাজিক দায়বদ্ধতার চাপ না থাকাটা একধরনের মানসিক স্বস্তি দেয়। দ্রুত সম্পর্কের কোনো নাম না দিয়ে একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে আরও বাস্তব ও আন্তরিক করে তোলে। এতে একে অন্যের আসল সত্তা চেনা অনেক সহজ হয়।
তবে এই ‘যেদিকে যায় যাক’ বা ‘গো উইথ দ্য ফ্লো’ ধারার কিছু নেতিবাচক দিকও রয়েছে। সম্পর্কের স্পষ্টতা ও দায়বদ্ধতা এড়ানোর জন্য অনেকে এই ট্রেন্ড ভুলভাবে ব্যবহার করে। যদি দুজনের মধ্যে ঠিকঠাক যোগাযোগ না থাকে, তবে এই স্বাধীন বা জীবনমুখী সম্পর্কও একসময় নীরব মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে। কোনো ভারী আলোচনা না হলেও সম্পর্কে ছোট ছোট সততা ও সুস্থ সীমানা রাখা জরুরি, যাতে এটি শুধু বিভ্রান্তি ও দীর্ঘসূত্রতার হাতিয়ার না হয়ে ওঠে।
আজকের যুগে তরুণেরা বুঝতে পারছেন, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে চেনা ও নিজের মানসিক শান্তি বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। তৃতীয় ডেটেই সম্পর্কের কোনো একটা নাম দিতে হবে—এ রকম কোনো বাঁধাধরা নিয়ম আসলে নেই। ওয়াইল্ডফ্লাওয়ারিং এই বার্তাই দেয়, মাঝেমধ্যে সম্পর্কের নামফলক খোঁজার চেয়ে বর্তমান মুহূর্তকে উপভোগ করাটাই বেশি জরুরি। কৃত্রিম নিয়মের বেড়াজাল ভেঙে নিজের শর্তে মুক্তভাবে ভালোবাসার এই ধরন দীর্ঘ মেয়াদে তরুণদের সুস্থ মানসিক বিকাশ ও প্রকৃত আত্মপরিচয় গঠনে সাহায্য করবে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট ও অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
৪ ঘণ্টা আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
৪ ঘণ্টা আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
৫ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
৬ ঘণ্টা আগে