রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্ষুধা পায় কেন

রাতের খাবার শেষ করেছেন। পেটও বেশ তৃপ্তিদায়কভাবে ভরা। অথচ ঠিক তার আধঘণ্টা পর থেকে রান্নাঘরের ক্যাবিনেট বা ফ্রিজ হাতড়ে বেড়ানোর অভ্যাস কি আপনারও আছে? এমন অভিজ্ঞতা শুধু আপনার একার নয়। গবেষণা বলছে, রাতের খাবার খাওয়ার পরেও প্রতি তিনজন মানুষের একজন নিয়ম করে শেষ রাতে কিছু না কিছু খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে তো প্রতি পাঁচজনের চারজনই এই রাতের ক্ষুধা বা ক্রেভিংয়ের কাছে হার মানেন। কিন্তু প্রশ্ন হলো, পেট ভরপুর থাকার পরও কেন রাতে হঠাৎ এমন তীব্র ক্ষুধা পায়? অর্থাৎ পেট ভরলেও মন ভরে না কেন? এটি কি শুধুই অভ্যাসের দোষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের শারীরিক ও জৈবিক কোনো কারণ?
প্রাকৃতিক ক্ষুধা এবং হরমোনের খেলা

সারা দিন আমরা অনেকক্ষণ না খেয়ে কাটালেও চিকিৎসাবিজ্ঞান বলছে, মানুষের ক্ষুধা মূলত সন্ধ্যার দিকে স্বাভাবিকভাবে তীব্র হয়। এর পেছনে বড় অনুঘটক হলো আমাদের ক্ষুধার হরমোন বা ঘ্রেলিন। বাথ ইউনিভার্সিটির মেটাবলিজম গবেষক অধ্যাপক জেমস বেটস জানান, এই হরমোন সাধারণত দিনের প্রথম খাবারের পর কমে গেলেও দুপুরের বা রাতের খাবারের পর সেভাবে কমে না। ফলে রাতের দিকে ঘ্রেলিনের মাত্রা বেশি থাকায় শরীর বাড়তি খাদ্যের সংকেত দেয়। পাশাপাশি রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ বা পুষ্টির ঘাটতি থাকলে রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যায়, যাকে আমরা ক্র্যাশ বলি। এই শক্তি কমে যাওয়ার অনুভূতি থেকেই মস্তিষ্ক খাওয়ার তাগিদ অনুভব করে।
মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এবং মিষ্টি-নোনতা আকর্ষণ
রাতে শুধু ক্ষুধাই পায় না; বরং মিষ্টি, চর্বিযুক্ত বা ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রতি ঝোঁক বহুগুণ বেড়ে যায়। লিডস ইউনিভার্সিটির পুষ্টিবিদ ড. ক্রিস্টিন বোলিউর মতে, এটি শরীরের সাধারণ শক্তির চাহিদা নয়, বরং মস্তিষ্কের রিওয়ার্ড পাথওয়ে বা পুরস্কারের সিস্টেম দিয়ে চালিত হয়। সারা দিনের ক্লান্তি দূর করতে মস্তিষ্ক হঠাৎ চটজলদি এনার্জি বা আরাম খোঁজে। ফলে কুকিজ, চিপস বা চকলেটের মতো খাবারগুলোর প্রতি আমাদের আকর্ষণ তীব্র হয়ে ওঠে। এটি কোনো ইচ্ছাশক্তির অভাব নয়, বরং আপনার জৈবিক গঠনই আপনাকে সেদিকে টানে।
পরিবেশগত সংকেত এবং অভ্যাস
রাতে খাবার খাওয়ার পেছনে আরেকটি বড় ভূমিকা রাখে আমাদের চারপাশের পরিবেশ ও অভ্যাস। বার্মিংহাম ইউনিভার্সিটির অ্যাপেটাইট বিশেষজ্ঞ অধ্যাপক সুজান হিগস বলেন, ‘যদি কেউ নিয়মিত টিভি দেখতে দেখতে বা ল্যাপটপে কাজ করার সময় হালকা খাবার খাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েন, তবে শুধু টিভি বা স্ক্রিন অন করলেই শরীর খাওয়ার সংকেত পেয়ে যায়।’ অর্থাৎ, পারিপার্শ্বিক অভ্যাসও অনেক সময় অবচেতন মনে ক্ষুধা জাগিয়ে তোলে।
অপর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ
পর্যাপ্ত ঘুমের অভাব বা মানসিক চাপও রাতে অতিরিক্ত খাবার খাওয়ার জন্য দায়ী। ঘুম কম হলে শরীরে ক্ষুধার হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে, যা পরদিন বা ওই রাতে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের চাহিদা বাড়িয়ে দেয়। এ ছাড়া সারা দিন পর্যাপ্ত খাবার না খাওয়ার ফলে অনেকে রাতে অতিরিক্ত ক্ষুধার মুখোমুখি হন।
রাতের ক্রেভিং সামলাবেন যেভাবে
রাতে ঘুমানোর আগে হালকা ও পুষ্টিকর কিছু খাওয়া অনেক সময় শরীর শান্ত করতে সাহায্য করে। তবে তা যেন অতিরিক্ত ক্যালরি বা জাংক ফুডের নেশায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, রাতের স্ন্যাকিং একেবারে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। তবে অবশ্যই সচেতন হওয়া জরুরি।
সুষম খাবার খাওয়া: রাতের ডিনারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং হঠাৎ শক্তির পতন বা ক্র্যাশ এড়ানো যায়।
অভ্যাস বদলানো: টিভি বা স্ক্রিনের সামনে বসে খাওয়ার অভ্যাস পরিবর্তন করুন। মনোযোগ দিয়ে খেলে কতটুকু খাচ্ছেন, তার সঠিক হিসাব থাকে।
স্বাস্থ্যকর বিকল্প রাখা: ফ্রিজে বা হাতের কাছে কেক-বিস্কুটের বদলে ফল, টক দই বা বাদামের মতো স্বাস্থ্যকর খাবার রাখা বুদ্ধিমানের কাজ। এতে ক্রেভিং মিটলেও অতিরিক্ত ক্যালরি গ্রহণের ঝুঁকি থাকে না।
সূত্র: হেলথ লাইন, বিবিসি










