Ajker Patrika

থালাবাসন থেকে মাংসের তেল-চর্বি দূর করার সহজ ৫ উপায়

ফিচার ডেস্ক, ঢাকা 
থালাবাসন থেকে মাংসের তেল-চর্বি দূর করার সহজ ৫ উপায়
একটি ভালো মানের লিকুইড সাবান এবং সঠিক কিছু ঘরোয়া কৌশল জানা থাকলে চর্বি দূর করা হবে সহজে। ছবি: পেক্সেলস

কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের তৈজসপত্র অনেকক্ষণ ফেলে রাখেন, যা এই ধরনের বাসনের স্থায়িত্ব নষ্ট করে দেয়। চেষ্টা করবেন দ্রুত এগুলোকে ধুয়ে ফেলতে। তা ছাড়া ঈদের সময় রান্নাবান্নার চোটে শুধু থালাবাসনই নয়, চুলার চারপাশ এবং ওভেনেও মাংসের তেল-চর্বি জমে একাকার হয়ে যায়। এই বিরক্তিকর চর্বি সহজে কাটতে একটি অল ইন ওয়ান ভালো মানের লিকুইড সাবান এবং সঠিক কিছু ঘরোয়া কৌশল জানা থাকলে রান্নাঘরের কাজ হয়ে যায় একদম পানির মতো সহজ।

গরম পানি ও ভালো মানের সাবান

মাংসের চর্বি দূর করার প্রাথমিক ও জাদুকরি নিয়ম হলো, গরম পানির ব্যবহার। চর্বি জমে থাকা পাতিল বা প্লেটগুলো প্রথমে কিছুক্ষণ গরম পানি এবং ভালো মানের ডিশ ওয়াশিং লিকুইড সাবানের মিশ্রণে ভিজিয়ে রাখুন। গরম পানি চর্বির শক্ত আস্তরণকে দ্রুত গলিয়ে নরম করতে সাহায্য করে। এরপর একটু জোর দিয়ে ভালো করে মাজুনি দিয়ে ঘষলেই বাসন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে উঠবে।

ভিনেগার স্প্রে বোতল

ভিনেগারে থাকা অ্যাসিডিক উপাদান প্রাকৃতিকভাবে মাংসের চর্বি কাটতে ও তেল চিটচিটে ভাব দূর করতে অত্যন্ত শক্তিশালী। একটি স্প্রে বোতলে ভিনেগার এবং সামান্য পানি একসঙ্গে মিশিয়ে নিন। এবার তৈজসপত্রের যেখানে চটচটে চর্বি জমে আছে, সেখানে সরাসরি এই মিশ্রণ স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর স্ক্রাবার বা মাজুনি দিয়ে ভালোমতো ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এতে তেলের আস্তরণের পাশাপাশি মাংসের গন্ধও দূর হবে।

বেকিং সোডা ও পানির পেস্ট

মাংসের ঝোল বা মসলা পুড়ে কড়াইয়ের তলায় যদি শক্ত কালো আস্তরণ তৈরি হয়, তবে বেকিং সোডা আপনার সেরা সমাধান। পরিমাণমতো বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি ঘন পেস্টের মতো তৈরি করুন। এবার এই পেস্টটি চর্বিযুক্ত ও পোড়া প্যান বা কড়াইয়ের ওপর লেপে দিন। এরপর একটি ভালো মানের শক্ত ব্রাশ এবং পানির সাহায্যে ভালো করে ঘষুন। বাসন তো পরিষ্কার হবেই, পাশাপাশি বাসনের তলার তেলতেলে ভাব একেবারে চলে যাবে।

সাবানযুক্ত স্ক্রাবিং প্যাড

বাজারে এমন কিছু বিশেষ স্ক্রাবিং প্যাড বা মাজুনি পাওয়া যায়, যেগুলো আগে থেকে সাবানে পূর্ণ থাকে। মাংসের শক্ত তেল-চর্বির বিল্ডআপ বা আস্তরণ পরিষ্কারে এগুলো চমৎকার কাজ করে। এই স্ক্রাবিং প্যাডের সঙ্গে সামান্য পানি যোগ করুন এবং প্রয়োজনে বাড়তি ডিশ ওয়াশিং সাবান লাগিয়ে চর্বি জমা অংশে ভালোভাবে ঘষে নিন। এটি বাসনের গায়ে লেগে থাকা কালচে বা পোড়া চর্বির দাগ খুব দ্রুত তুলে আনে।

লবণ, ভিনেগার ও পানির মিশ্রণ

কঠিন ও পুরোনো পোড়া তেলের আস্তরণ পরিষ্কার করার জন্য এই শক্তিশালী মিশ্রণটি ব্যবহার করতে পারেন। ভিনেগার ও পানির স্বাভাবিক মিশ্রণের সঙ্গে কিছুটা রান্নার মোটা লবণ যোগ করুন। লবণের দানাদার ভাব প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এবং ভিনেগারের সঙ্গে মিশে এটি খুব সহজে প্যানের গায়ে জমে থাকা শক্ত গ্রিজের আস্তরণ নরম করে তুলে নিয়ে আসে।

এই পাঁচটি উপায় মাংসের কড়াই বা থালাবাসন পরিষ্কার করতে কার্যকরী। অনেক মানুষের জন্য রান্নার পর গ্যাস স্টোভ বা চুলার ওপরে এবং চুলার চারপাশে যে চটচটে তেলের ছিটা জমে যায়, তা দূর করতেও এই পদ্ধতিগুলো সমানভাবে কাজ করে। ঝকঝকে পাত্রে রান্না করা এবং পরিষ্কার পাত্রে খাওয়ার আলাদা এক তৃপ্তি আছে। সঠিকভাবে থালাবাসন পরিষ্কার করা হলে সেই তৃপ্তি পাওয়া যায়।

সূত্র: উইকি হাউ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত