Ajker Patrika

প্রিয়জন বিয়োগে মনের ক্ষত সারাবেন যেভাবে

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
প্রিয়জন বিয়োগে মনের ক্ষত সারাবেন যেভাবে
আপনার ভেতরের জমে থাকা কষ্ট বের হতে দিন। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন। ছবি: পেক্সেলস

পৃথিবীর কঠিন ও অনিবার্য সত্যগুলোর একটি হলো মৃত্যু। কিন্তু এই সত্য জানা সত্ত্বেও প্রিয় মানুষের চলে যাওয়া মেনে নেওয়া আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। মা-বাবা, জীবনসঙ্গী, সন্তান কিংবা বন্ধুর আকস্মিক বিদায় জীবনের স্বাভাবিক ছন্দ মুহূর্তে থামিয়ে দেয়। বুকের ভেতর তৈরি হয় এক গভীর শূন্যতা, যা সহজে পূরণ হওয়ার নয়। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো জীবনের ব্যস্ততা বাড়ে, কিন্তু মনের গভীরের সেই ক্ষত সহজে শুকায় না।

শোক একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। একে চেপে না রেখে সঠিক উপায়ে মোকাবিলা করতে পারলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। প্রিয়জন হারানোর এই তীব্র মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে কিছু বিষয় আপনাকে সাহায্য করতে পারে—

নিজেকে কাঁদার ও শোক পালনের সুযোগ দিন

অনেকে মনে করেন, কান্না দুর্বলতার লক্ষণ। ফলে প্রিয়জন হারানোর পরও তাঁরা নিজেদের আবেগ চেপে রাখেন। মনোবিজ্ঞানীদের মতে, এটি মনের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। আপনার ভেতরের জমে থাকা কষ্ট বের হতে দিন। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন। শোকের প্রতিটি স্তর—অবিশ্বাস, রাগ, বিষণ্নতা; স্বাভাবিকভাবে পার হতে নিজেকে সময় দিন।

একাকিত্ব এড়িয়ে চলুন ও কথা বলুন

শোকের সময় মানুষ নিজেকে গুটিয়ে নিতে চায়। কিন্তু দীর্ঘ সময় একা থাকলে নেতিবাচক চিন্তা ও বিষণ্নতা জেঁকে বসতে পারে। পরিবারের অন্য সদস্য, বিশ্বস্ত বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকুন। প্রিয় মানুষটিকে নিয়ে আপনার অনুভূতির কথা তাঁদের সঙ্গে শেয়ার করুন। মনের কথা খুলে বললে বুকের ভেতরের পাথর কিছুটা হলেও হালকা হয়।

পেশাদার সহায়তা আপনাকে এই অন্ধকার সময় কাটিয়ে উঠতে সঠিক পথ দেখাবে। ছবি: পেক্সেলস
পেশাদার সহায়তা আপনাকে এই অন্ধকার সময় কাটিয়ে উঠতে সঠিক পথ দেখাবে। ছবি: পেক্সেলস

প্রিয়জনের স্মৃতি ইতিবাচকভাবে বাঁচিয়ে রাখুন

প্রিয়জন শারীরিকভাবে না থাকলেও তাঁর স্মৃতি ও আদর্শ সব সময় আপনার সঙ্গে থাকে। এ স্মৃতি বাঁচিয়ে রাখতে তাঁর পছন্দের কোনো কাজ করতে পারেন, তাঁর নামে কোনো ভালো উদ্যোগ বা দান করতে পারেন, কিংবা তাঁর স্মৃতিচারণ করে ডায়েরি লিখতে পারেন। এতে তাঁর অনুপস্থিতির কষ্টের চেয়ে তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কৃতজ্ঞতা আপনার মনে বেশি জায়গা করে নেবে।

নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন

তীব্র শোকে মানুষ খাওয়াদাওয়া ও ঘুমের কথা ভুলে যায়। কিন্তু শরীর ভেঙে পড়লে মন সামলানো আরও কঠিন হয়ে যায়। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত ঘুমান। প্রতিদিন ২০-৩০ মিনিট খোলা বাতাসে হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। শারীরিক সক্রিয়তা মস্তিষ্কে এমন কিছু হরমোন নিঃসৃত করে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন

শোকের তীব্রতা চলাকালে মানুষের বিচারবুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা দুর্বল থাকে। তাই এই সময়ে জীবনের বড় কোনো সিদ্ধান্ত, যেমন চাকরি ছাড়া, বাসা বদলানো বা বড় কোনো আর্থিক বিনিয়োগ থেকে বিরত থাকুন। মন কিছুটা স্থির হওয়ার পরই শুধু এসব বিষয়ে ভাবুন।

নিজেকে দোষারোপ করবেন না

প্রিয়জন চলে যাওয়ার পর অনেকের মনেই ‘যদি এমন করতাম’ বা ‘আরেকটু সময় দিলে ভালো হতো’—এ ধরনের অপরাধবোধ কাজ করে। মনে রাখবেন, জীবন ও মৃত্যু মানুষের হাতে নেই। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন; এই সত্য মেনে নিয়ে নিজেকে ক্ষমা করতে শিখুন।

প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন

শোক কাটিয়ে ওঠার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সবার ক্ষেত্রে এই সময়টা আলাদা হয়। তবে দীর্ঘ সময় পার হওয়ার পরও যদি দেখেন আপনি দৈনন্দিন কাজে ফিরতে পারছেন না, তীব্র হতাশা বা আত্মহননের চিন্তা মাথায় আসছে, তবে দ্বিধা না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের শরণাপন্ন হোন। পেশাদার সহায়তা আপনাকে এই অন্ধকার সময় কাটিয়ে উঠতে সঠিক পথ দেখাবে।

প্রিয়জন হারানোর ব্যথা কখনো পুরোপুরি মুছে যায় না, আমরা শুধু সেই ব্যথা সঙ্গে নিয়েই বাঁচতে শিখি। সময়ের প্রলেপে একসময় তীব্র যন্ত্রণা কমে গিয়ে সেখানে জায়গা করে নেয় প্রিয়জনের মধুর স্মৃতি। তাই ধৈর্য ধরুন, নিজের প্রতি সদয় হোন এবং জীবনের নতুন অর্থ খুঁজে নেওয়ার চেষ্টা করুন।

লেখক: চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত