সহানুভূতি দুর্বলতা নয়, মানসিক শক্তির আসল রূপ

চলন্ত বাসে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তাঁর পাশে সিটে বসে থাকা এক তরুণ বা তরুণী তা খেয়াল করেও না দেখার ভান করে আছেন, এমন দৃশ্য আমাদের নিত্যদিনের। কিন্তু ঠিক তখনই যখন কেউ নিজের আরামের আসনটি ছেড়ে দিয়ে সেই প্রবীণ মানুষটিকে বসতে বলেন, তখন চারপাশের ভিড়েও মনটা এক নিমিষে ভালো হয়ে যায়। এই ছোট ছোট ঘটনাগুলোই মনে করিয়ে দেয়, অন্যের কষ্ট বা প্রয়োজনকে নিজের মতো করে অনুভব করার নামই হলো সহানুভূতি। সিনেমার খলনায়কেরা প্রায়ই নায়কদের কটাক্ষ করে বলেন, তাঁদের এই অতিরিক্ত সহানুভূতি বা দয়াই তাঁদের পতনের কারণ হবে। কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি? শেষ পর্যন্ত গল্পের সেই নায়কেরাই জয়ী হয় তাঁদের এই সহানুভূতি আর সহমর্মিতার জন্যই। আজ বিশ্ব উদারতা দিবস বা সহানুভূতি দিবস। এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয়, অন্যের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতা দেখানো কোনো দুর্বলতা বা নরম মানসিকতার লক্ষণ নয়।
বাস্তব জীবনে অনেকেই ক্ষমতার মোহে বা নিজেদের শক্তিশালী দেখাতে উদাসীনতা ও কঠোরতাকে আঁকড়ে ধরে। কিন্তু একটু গভীরভাবে ভাবলে বোঝা যায়, অন্যের অনুভূতিতে শরিক হওয়া এবং নিজের গণ্ডি পেরিয়ে অন্য মানুষের জুতোয় পা গলিয়ে ভাবা মুখের কথা নয়। এটি চরম মানসিক শক্তির কাজ।

সহানুভূতি কেন শক্তির প্রতীক
সহানুভূতি অর্থ শুধু আবেগে ভেসে যাওয়া নয়। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রকৃত সহানুভূতিশীল হতে হলে বেশ কিছু কঠিন মানসিক দক্ষতার প্রয়োজন হয়।
শক্তিশালী মানসিক সীমানা: অন্য কেউ কষ্টে আছে মানেই তার কষ্টে ভেঙে পড়া সহানুভূতি নয়। অন্যের অনুভূতি বুঝতে পেরেও নিজের ভেতরের আবেগ ও ভারসাম্য বজায় রাখা এক বিরাট মানসিক শক্তির ব্যাপার।
নিজের কেন্দ্র ঠিক রাখা: মানুষ হিসেবে আমাদের প্রবৃত্তি হলো অন্যকে অনুকরণ করা। কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা প্রবল আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক।
নিজের স্বার্থের খোলস থেকে বের হওয়া: আত্মকেন্দ্রিক বা নার্সিসিস্টিক স্বভাবের মানুষেরা কেবল নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু নিজের প্রয়োজন বা নিরাপত্তার কথা সাময়িকভাবে সরিয়ে রেখে অন্যের যন্ত্রণাকে অনুভব করা এবং তার পাশে দাঁড়ানোর জন্য যে বিশাল হৃদয়ের দরকার, তা কেবল একজন শক্ত মনের মানুষই পারে।
আগ্রাসন আসলে দুর্বলতা
যখন কেউ আপনার ওপর মেজাজ দেখায়, অযথা চিল্লায় বা খারাপ ব্যবহার করে, তখন বুঝতে হবে সে আসলে মানসিকভাবে ভঙ্গুর বা নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ, যার ভেতরে শান্তি ও শক্তি নেই, সে-ই কেবল অন্যের ওপর আগ্রাসন চালিয়ে নিজেকে বড় দেখাতে চায়। পক্ষান্তরে, একজন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী মানুষই যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারে।
যেভাবে সহানুভূতির চর্চা করবেন
- সচেতনভাবে খেয়াল রাখুন আপনার নিজের আবেগ এবং অন্যের আবেগের মধ্যে যেন দেয়াল বা সীমানা ঠিক থাকে।
- তাড়াহুড়ো করে কাউকে বিচার না করে, একটু সময় নিয়ে অন্যের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।
- নিজের ভেতরের অহংকার ও রক্ষণাত্মক ভাব দূর করুন। কারণ, সহানুভূতি প্রদর্শনের জন্য বুকভরা সাহস লাগে।
সহানুভূতিকে কখনই নিজের কিংবা অন্য কারও দুর্বলতা ভাববেন না। কারণ, দয়া ও ভালোবাসা আমাদের ছোট করে না, বরং আমাদের আরও বেশি মানবিক, বাস্তবিক এবং শক্তিশালী করে তোলে।
সূত্র: সাইকোলজি টুডে, মিডিয়াম









