Ajker Patrika

বিশ্বকাপের রোমাঞ্চ জমুক ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফিতে

ফিচার ডেস্ক, ঢাকা 
বিশ্বকাপের রোমাঞ্চ জমুক ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফিতে
মেক্সিকোর সংস্কৃতি, নস্টালজিয়া এবং আতিথেয়তার প্রতীক হিসেবে পরিচিত ক্যাফে দে ওল্লা। ছবি: ওয়ার্ল্ড স্পাইস মার্চেন্টস

টান টান উত্তেজনা, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন আর মাঠের সবুজ ঘাসে বল দখলের লড়াই। সাত সকালে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ জমিয়ে তুলতে সঙ্গে রাখুন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফি। মেক্সিকোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কফির নাম ক্যাফে দে ওল্লা। সব উপাদান ঘরে থাকলে তো ভালোই হলো, না থাকলে আপনার ঘরে থাকা চা-কফিই হোক আপনার শেষ ভরসা।

৮ কাপ কফির উপকরণ

পানি ৮ কাপ, গাঢ় বা মিডিয়াম ডার্ক রোস্টের কফি বিনের মাঝারি থেকে মোটা গুঁড়া ৪ থেকে ৫ টেবিল চামচ, আখের গুড় প্রায় ২২৫ গ্রাম, দারুচিনি ১টি বড় স্টিক, স্টার অ্যানিস বা মৌরি ফুল ১টি, লবঙ্গ ২ থেকে ৩টি। সম্ভব হলে দেশি দারুচিনির বদলে তুলনামূলক হালকা ও সুগন্ধি ম্যাক্সিকান ক্যানিলা দারুচিনি ব্যবহার করতে পারেন। এ ছাড়া গুড় না থাকলে ভালো মানের ডার্ক ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন।

এই পরিমাপকে ধরে আপনি কাপের সংখ্যা কমবেশি হলে উপকরণ ঠিক করে নিন।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি সসপ্যানে ৮ কাপ পানি নিন এবং মাঝারি আঁচে গরম করতে দিন। এবার পানিতে দারুচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ এবং পিলনসিলোঁ বা গুড় দিয়ে দিন। গুড় সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এটি গলে গেলে মিশ্রণটি ভালোমতো ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ পুরোপুরি বন্ধ করে দিন। চুলা বন্ধ করার পর কফির গুঁড়া পানির মিশ্রণে দিয়ে দিন এবং আলতো করে নেড়ে দিন। এরপর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিট কফি ভালোভাবে ভিজতে দিন। তারপর ছাঁকনি দিয়ে কফি ছেঁকে কাপে ঢালুন এবং গরম-গরম উপভোগ করুন।

মেক্সিকোতে ‘ক্যাফে দে ওল্লা’-এর বিশেষত্ব

ম্যাক্সিকান সংস্কৃতিতে ক্যাফে দে ওল্লা শুধু একটি পানীয় নয়, এটি একটি আবেগ এবং শত বছরের পুরোনো ঐতিহ্য। এই কফির প্রধান বিশেষত্ব লুকিয়ে আছে এর তৈরিকরণ পদ্ধতিতে। মেক্সিকোর গ্রামীণ অঞ্চলের রান্নাঘরে কাঠ বা কয়লার আগুনের ওপর ওল্লা দে বারো নামে একটি বিশেষ ধরণের মাটির পাত্রে এটি তৈরি করা হয়। মাটির পাত্রে তৈরি করার কারণে কফিতে চমৎকার মাটির সোঁদা গন্ধ এবং অনন্য স্বাদ যুক্ত হয়। এতে সাধারণ পরিশোধিত চিনি ব্যবহার করা হয় না। আখের রস জ্বাল দিয়ে তৈরি পিলনসিলোঁ বা গুড় ব্যবহার করা হয়। এই গুড় কফিতে ক্যারামেল এবং চিটাগুড়ের মতো একটি গভীর স্বাদ এনে দেয়। ম্যাক্সিকান পরিবারগুলোতে সকালের নাশতার টেবিলে বা শীতের দিনে আড্ডা দেওয়ার সময় এই কফি তৈরি করা অত্যন্ত সাধারণ একটি দৃশ্য। এটি মেক্সিকোর সংস্কৃতি, নস্টালজিয়া এবং আতিথেয়তার প্রতীক হিসেবে পরিচিত।

সূত্র: টেস্ট এটলাস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত