Ajker Patrika

চাকরি দ্রুত পাওয়ার সহজ উপায়

ক্যারিয়ার ডেস্ক
আপডেট : ১৭ মে ২০২৬, ০৮: ২৬
চাকরি দ্রুত পাওয়ার সহজ উপায়

কর্মহীন জীবনের অবসান ঘটিয়ে দ্রুত নতুন কাজে যোগ দিতে কার না মন চায়! আশার কথা হলো, কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিলে নিয়োগপ্রক্রিয়াকে অনেকটাই ত্বরান্বিত করা সম্ভব। যেকোনো বিশেষ কারণেই হোক না কেন, দ্রুত কর্মসংস্থানের জন্য চাকরি খোঁজার প্রথাগত পদ্ধতি, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি এবং পেশাগত যোগাযোগ বা নেটওয়ার্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে—এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে থাকছে আজকের আয়োজন।

সুনির্দিষ্ট পরিকল্পনা চাই

কর্মসংস্থানের অনুসন্ধান শুরু করার আগেই আপনার ঠিক কী ধরনের কাজ প্রয়োজন, সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা জরুরি। যেহেতু লক্ষ্য দ্রুত চাকরি পাওয়া, তাই একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আপনার অনুসন্ধানপ্রক্রিয়াকে অনেক সহজ ও লক্ষ্যভেদী করে তুলবে। এ জন্য কাঙ্ক্ষিত চাকরিতে আপনার পছন্দের বিষয়গুলোর একটি তালিকা তৈরি করুন। যেমন কর্মস্থলের অবস্থান, নির্দিষ্ট শিল্পক্ষেত্র, আপনার দক্ষতার প্রয়োগ এবং পদটি পূর্ণকালীন নাকি খণ্ডকালীন হবে, তা আগেভাগেই নির্ধারণ করে নিন।

চাকরি খোঁজাকে সহজ করুন

নতুন চাকরি দ্রুত খুঁজে বের করার জন্য সময় দিতে হবে। আপনার বর্তমানে কোনো চাকরি না থাকলে সেই সময়টা চাকরি খোঁজার কাজে লাগান। প্রতিদিন অনেক জীবনবৃত্তান্ত পাঠালে সাড়া পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সম্ভাব্য নিয়োগকর্তাদের কাছ থেকে যত তাড়াতাড়ি সাড়া পেতে শুরু করবেন, চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে।

যোগ্যতাভিত্তিক চাকরিতে আবেদন

চাকরির মানদণ্ড ও লক্ষ্য স্থির করার পর শুরু হয় আবেদনের মূল পর্ব। তবে সামনে আসা প্রতিটি বিজ্ঞপ্তির পেছনে অন্ধের মতো না ছুটে, শুধু নিজের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদগুলোতেই আবেদন করা বুদ্ধিমানের কাজ। সব প্রতিষ্ঠানে একই গতানুগতিক সিভি ও কভার লেটার পাঠানোর প্রবণতা পরিহার করতে হবে। বরং প্রতিটি পদের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী সিভি কিছুটা পরিমার্জন করে নেওয়া প্রয়োজন।

অস্থায়ী কাজ করুন

কোন কোন কোম্পানি আপনার দক্ষতা অনুযায়ী প্রার্থী খুঁজছে, তা জানতে কোনো কর্মী সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই সংস্থাগুলো আপনাকে অস্থায়ী বা মৌসুমি চাকরির সঙ্গে যুক্ত করে দিতে পারে, যা থেকে কখনো কখনো পূর্ণকালীন চাকরিও হতে পারে। কোম্পানিগুলো প্রায়ই সময়ভিত্তিক প্রয়োজনের কারণে অস্থায়ী কর্মী খোঁজে। তাই এটি দ্রুত নিয়োগপ্রক্রিয়ার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে।

চাকরিসংশ্লিষ্ট জীবনবৃত্তান্ত

নিয়োগকর্তাদের নজরে জীবনবৃত্তান্ত আনার অন্যতম সেরা উপায় হলো, এটিকে তাদের প্রয়োজন অনুযায়ী সাজানো। আপনার সঠিক যোগ্যতা আছে, তা প্রমাণ করতে জীবনবৃত্তান্ত জুড়ে চাকরির বিবরণ থেকে মূল শব্দ ও বাক্যাংশ ব্যবহার করুন। ফলে যে নিয়োগকর্তারা জীবনবৃত্তান্ত দেখছেন, তাঁরা দ্রুত বুঝতে পারবেন, আপনার প্রাসঙ্গিক দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এটি তাঁদের ব্যবহৃত যেকোনো আবেদনকারী ট্র্যাকিং সিস্টেম উত্তীর্ণ হতেও সাহায্য করতে পারে।

জীবনবৃত্তান্ত প্রাসঙ্গিক করুন

নিয়োগ ব্যবস্থাপকদের কাছে প্রাপ্ত অসংখ্য জীবনবৃত্তান্ত খুঁটিয়ে দেখার মতো যথেষ্ট সময় থাকে না। তাই নিশ্চিত করুন যে আপনার জীবনবৃত্তান্তটি সংক্ষিপ্ত এবং এতে সবচেয়ে প্রাসঙ্গিক তথ্য রয়েছে। কিছু ক্ষেত্রে, জীবনবৃত্তান্তে অতিরিক্ত অভিজ্ঞতা থাকলে আপনাকে অতিরিক্ত যোগ্য বলে মনে হতে পারে। আপনার নথিটি এক পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয় এবং এতে পূর্ববর্তী সেসব চাকরি ও দায়িত্বের ওপর আলোকপাত করা উচিত; যা কাঙ্ক্ষিত পদের সঙ্গে সবচেয়ে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ।

নিজস্ব কভার লেটার

কিছু চাকরির বিজ্ঞাপনে কভার লেটারকে ঐচ্ছিক হিসেবে উল্লেখ করা থাকে। তবে এটি জমা দেওয়া নিজেকে অন্যদের থেকে আলাদা এবং নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণের একটি কার্যকর উপায়। জীবনবৃত্তান্তের মতোই, প্রতিটি আবেদনের জন্য কভার লেটারটিও বিশেষভাবে তৈরি করা উচিত। প্রথম কয়েকটি অনুচ্ছেদে উল্লেখ করা উচিত—এই পদের জন্য আপনার যোগ্যতা কী এবং কীভাবে তাদের প্রতিষ্ঠানে মূল্যবান অবদান রাখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত