
ক্যাডার পদে নিয়োগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার দীর্ঘ দিনের জট কেটেছে। এখন থেকে প্রতিবছর একটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল ঘোষণার লক্ষ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। এ জন্য ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী, ৫০তম বিসিএসের কার্যক্রম চালানো হচ্ছে।
পিএসসি সূত্র বলছে, ৫১তম বিসিএস থেকে এই রোডম্যাপ বাস্তবায়নে কোনো জট বা জটিলতা থাকবে না। অর্থাৎ বিশেষ বিসিএস ছাড়া আগামী বছর শুধু এই (৫১তম) বিসিএসের কার্যক্রম পরিচালনা করবে পিএসসি। এই বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। এরপর ১২ মাসেই সব পরীক্ষা শেষে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে। বর্তমানে ৪৭তম ও ৫০তম বিসিএসের কার্যক্রম চলছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে কমিশন গঠিত হয়। এই কমিশন দায়িত্ব নেওয়ার পর ৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৪৮তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এসব বিসিএসে মোট ৭ হাজার ৬৫১ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৪৪তম বিসিএসে ১ হাজার ৬৭৬ জন, ৪৫তম বিসিএসে ১ হাজার ৮০৭ জন, ৪৮তম বিসিএসে ৩ হাজার ৫০০ জন এবং ৪৯তম বিসিএসে ৬৬৮ জনকে নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গত শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বর্তমান কমিশন ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বাস্তবায়নের রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যা ৫০তম বিসিএস থেকেই কার্যকর হয়েছে। তিনি বলেন, বর্তমানে দুটি বিসিএসের (৪৭তম ও ৫০তম) কার্যক্রম পরিচালনা করছে পিএসসি। তবে বিশেষ বিসিএস না এলে আগামী বছর শুধু ৫১তম বিসিএসের কার্যক্রম পরিচালনা করবে পিএসসি, যা পিএসসির ইতিহাসে প্রথম।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস নিয়োগ প্রক্রিয়া এক থেকে দেড় বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছিল। ওই কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়রেখা প্রতিষ্ঠা করা উচিত, বিশেষ করে বিসিএসে। বর্তমান নিয়োগ প্রক্রিয়াটি অত্যধিক দীর্ঘ বিধায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত প্রক্রিয়াটিকে সহজতর করা প্রয়োজন।
জানা যায়, অতীতে একটি বিসিএসের পুরো নিয়োগপ্রক্রিয়া—বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পর্যন্ত—সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে কয়েক বছর সময় লাগত। ফলে একসঙ্গে একাধিক বিসিএসের কার্যক্রম চালাতে হয়েছে পিএসসিকে, যা চাকরিপ্রার্থী ও পিএসসি—উভয়ের জন্যই জটিলতা তৈরি করেছিল। তবে গত দুই বছরে একযোগে কয়েকটি বিসিএসের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেই জট অনেকটাই কমিয়ে এনেছে কমিশন।
চাকরিপ্রার্থী ও পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বছরে একটি বিসিএসের কার্যক্রম সম্পন্ন হলে চাকরি পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি অনেকটাই কমবে। বিসিএসের ফলাফলের জন্য বছরের পর বছর অপেক্ষা না করে চাকরিপ্রার্থীরা অন্য চাকরির প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে তাঁদের কর্মজীবনের পরিকল্পনা করা সহজ হবে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কমবে।
পিএসসির কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। চলতি মাসেই এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য কমিশনের। এদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। আগামী দেড় মাসের মধ্যে এই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মৌখিক পরীক্ষা নিয়ে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এই বিসিএসও এক বছরের মধ্যেই শেষ হবে।
পিএসসির সূত্র জানায়, ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। ওই সময় আর কোনো সাধারণ বিসিএসের কার্যক্রম চলমান থাকবে না। ফলে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ অনুযায়ী জট ছাড়াই প্রথমবারের মতো একটি বিসিএসের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে পিএসসি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাগুলোতে সাংগঠনিককাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৪ ক্যাটাগরিতে
৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার (আরও)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
১০ ঘণ্টা আগে
গ্রামীণ হেলথটেক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট আলো বিভাগে ‘ফাইন্যান্স এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
১০ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি/তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে ‘পিএমও এবং প্রযুক্তি গভর্ন্যান্স প্রধান’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত।
১১ ঘণ্টা আগে