Ajker Patrika

মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা-নেহারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫: ২৭
মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা-নেহারি
মহাকাশে নিজের পছন্দের খাবার নিয়ে গেছেন পাকিস্তানি নভোচারী জিশান আলী। ছবি: সংগৃহীত

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। গত বুধবার তিনি প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের এই মহাকাশ স্টেশনে যান। প্রায় এক সপ্তাহের অভিযানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি তাঁর সঙ্গী হয়েছে পাকিস্তানের পরিচিত খাবার। বাটার চিকেন, ভেড়ার কোরমা ও গরুর মাংসের নেহারিসহ ১০০ টিরও বেশি ধরনের হালাল খাবার নিয়ে মহাকাশে গেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পাকিস্তানের পতাকাসংবলিত নীল রঙের মহাকাশযাত্রার পোশাক পরে তিয়াংগংয়ের ভেতরে ভাসমান অবস্থায় বিখ্যাত কবি মুহাম্মদ ইকবালের কবিতার পঙ্ক্তি আবৃত্তি করেন আলী। তাঁর চীনা সহযাত্রীরা তখন পাশে ছিলেন। আলী বলেন, ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়, অভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ অর্থাৎ, ‘তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে, প্রেমের পরীক্ষাও এখনো বাকি অনেক।’

এরপর চীনা ভাষায় কবিতার পঙ্ক্তিগুলোর অর্থ সহযাত্রীদের বুঝিয়ে দেন তিনি। আলী বলেন, ‘তারাদের ওপারে অসংখ্য জগৎ রয়েছে, আর সামনে এখনো অসংখ্য পরীক্ষা বাকি।’

ভারত ও পাকিস্তান, দুই দেশেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ইকবালকে। মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ভারতের প্রথম মহাকাশযাত্রী রাকেশ শর্মাও মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে, সে প্রশ্নের জবাবে ইকবালের কবিতা উদ্ধৃত করেছিলেন।

তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। জবাবে তিনি ইকবালের বিখ্যাত পঙ্ক্তি বলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।’ এর অর্থ, ‘পুরো পৃথিবীর চেয়ে আমাদের হিন্দুস্তান ভালো।’

পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পরিচিত ইকবাল ১৮৭৭ সালে শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তখন ভারত ও পাকিস্তান ব্রিটিশ ভারতের অংশ ছিল। ১৯৩৮ সালে লাহোরে তাঁর মৃত্যু হয়, দেশভাগের নয় বছর আগে। আলীর মুখে ইকবালের কবিতা আবৃত্তির ঘটনা ভারত ও পাকিস্তানের অভিন্ন সাহিত্যিক ঐতিহ্যের প্রতি নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

মহাকাশে পাকিস্তানি খাবার

তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে আলীর খাবারের তালিকায় থাকছে পাকিস্তানের পরিচিত নানা পদ। চীন তাঁর জন্য ১০০ টিরও বেশি ধরনের হালাল খাবার প্রস্তুত করেছে। খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন, গরুর মাংসের নেহারি, ভেড়ার মাংসের কোরমা ও ছোলা। আলীর খাবারের তালিকা তৈরির আগে গবেষকেরা পাকিস্তানের খাদ্যাভ্যাস, রান্নার ঐতিহ্য এবং পুষ্টির চাহিদা নিয়ে গবেষণা করেছেন বলে জানা গেছে।

খাবারগুলোতে পাকিস্তানি রান্নায় ব্যবহৃত হলুদ ও কারির মতো মসলা রাখা হয়েছে। খাবার প্রস্তুত থেকে উৎপাদনের পুরো প্রক্রিয়ায় হালাল নিয়ম অনুসরণ করা হয়েছে। প্রথমে আলীর মহাকাশযাত্রার খাবারের তালিকায় মসলাযুক্ত দুধ চা রাখার পরিকল্পনা ছিল। তবে তিনি জানান, চীনা কালো চা তাঁর বেশি পছন্দ। পরে তাঁর খাবারের তালিকায় দুধ চায়ের পরিবর্তে চীনা কালো চা যুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত