আজ-কালের মধ্যে চিকিৎসক না দেখালে বড় ক্ষতি হতে পারে ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হৃদ্যন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। তাঁর দাবি, ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন। কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা না গেলে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর ক্ষতি হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খানের ৩০ বছরের বেশি সময়ের চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি দ্রুত তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ ধরনের উচ্চ রক্তচাপের রোগী হলে যত দ্রুত সম্ভব, আজ কিংবা আগামীকালের মধ্যেই একজন ভালো কিডনি বা হৃদ্রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।
ডা. সুলতান সতর্ক করে বলেন, দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যক্ষমতা, হৃদ্যন্ত্র ও চোখের রেটিনার ক্ষতি হতে পারে। অতিরিক্ত চাপের বিরুদ্ধে রক্ত সঞ্চালন করতে গিয়ে হৃদ্যন্ত্রের পেশি পুরু হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। তাই স্থায়ী ক্ষতি এড়াতে সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে এবং রক্তচাপ অত্যন্ত বেশি। কারাগারে দীর্ঘ সময় একাকী বন্দী রাখার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তাঁকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান।
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। গত সপ্তাহে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে লেখা চিঠিতে জরুরি চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত ফিরতে না-ও পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে স্বাধীন স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁকে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে কারাগারে ফেরার উপযুক্ত বলে জানান।
ডা. সুলতানের মতে, দীর্ঘদিনের সামাজিক বিচ্ছিন্নতাও ইমরানের উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তিনি ব্যক্তিগতভাবে তাঁর রোগীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারিও তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অবিলম্বে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর ভাষ্য, সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসকেরা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইমরানের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।









